
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ টি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বোদা ও দেবীগঞ্জ উপজেলার পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক রাখার ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা আব্দুল্লাহ বিন জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপনে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও আট হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে দল গঠন করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবী সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপগুলোতে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বোদা উপজেলার ৯৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে জিআর চালের ডিও তুলে দেন প্রতিমন্ত্রী।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। সেই সঙ্গে সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সালাম তারা, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।