
রাজশাহী ও নাটোর জেলার ঐতিহ্যবাহী বারনই নদীর স্বাভাবিক নাব্য ফিরিয়ে আনাসহ নদীকে দূষণ ও অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় বারনই নদী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নদীর বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, পরিবেশগত দূষণ রোধ এবং নদীর তীরবর্তী সব ধরনের অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। তিনি দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের জন্য পাউবো ও স্থানীয় প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. রুহুল আমিন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পাউবো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসান এবং উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকারসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।