
ফর্মুলা কার্ট নির্মাণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ফর্মুলা স্টুডেন্ট কার নির্মাণে কাজ শুরু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম অ্যানেক্স রুয়েট’। ২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য ফর্মুলা স্টুডেন্ট চায়না (এফএসসি) প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো এ ধরনের গাড়ি নির্মাণ করছে দলটি।
২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য ফর্মুলা স্টুডেন্ট চায়না (এফএসসি) প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য নিয়ে বর্তমানে কাজ করছে ৪৫ সদস্যের এই দলটি। ইতোমধ্যে গাড়িটির চ্যাসিস নির্মাণ, চাকা অ্যাসেম্বলির সহ বেশ কিছু গঠনমূলক কাজ সম্পন্ন করেছে তারা। প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করে দলের সদস্যের ধারাবাহিক অংশগ্রহণে বাকি যন্ত্রাংশ ও কারিগরি উন্নয়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে টিম অ্যানেক্স রুয়েট।
টিম অ্যানেক্স ইতিপূর্বে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্যের অভিজ্ঞতা অর্জন করেছে। ২০২৩ সালে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত ফর্মুলা কার্ট ডিজাইন কম্পিটিশনের সপ্তম আসরে অংশ নেয় দলটি। সেখানে তারা বিজনেস টিম অংশে ৬ষ্ঠ স্থান অর্জন করে। ২০২৫ সালেও একটি সম্পূর্ণ ফর্মুলা কার্ট নির্মাণ করেছিল। তবে ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি। ২০২০সালের ফর্মুলা স্টুডেন্ট চেক রিপাবলিক উপলক্ষ্যে তারা আরেকটি কার্ট তৈরি করলেও কোভিডের কারণে অংশগ্রহণে বাধার সম্মুখীন হন। এছাড়াও ২০১৯ সালে নাসা আয়োজিত নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে (এইচইআরসি) অংশগ্রহণের রোমাঞ্চকর অভিজ্ঞতা আছে টিম অ্যানেক্সের।
এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং বাধাকে অতিক্রম করে এবার আরও বড় পরিসরে নিজেদের প্রকৌশল দক্ষতা তুলে ধরতে চায় দলটি। বর্তমানে আটটি সাব-টিমে বিভক্ত হয়ে পরিকল্পিত ভাবে কাজ করছেন তারা। সাব-টিম গুলো হলো: টেকনিক্যাল, ডিজাইন, ইলেকট্রিক্যাল, বিজনেস, পিআর অ্যান্ড মিডিয়া, ম্যানুফ্যাকচারিং, লেজিসলেটিভ এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড সেফটি টিম। গাড়িটির নকশা, যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা, উৎপাদন এবং নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কাজ এসব সাব টিমের মাধ্যমে সমন্বিত ভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রজেক্টের অগ্রগতি সম্পর্কে টিম অ্যানেক্সের ক্যাপ্টেন ও যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নোমান জামান দিপু বলেন, “আমাদের ইতিমধ্যে প্রাথমিক ডিজাইন, সিমুলেশন এবং চ্যাসিসের ফেব্রিকেশন শেষ। এখন আমরা সাসপেনশন এবং স্টিয়ারিং সিস্টেম নিয়ে কাজ করছি। সঠিক সময়ের মধ্যে গাড়ির সম্পূর্ণ কাজ শেষ করার ব্যাপারে আমরা আশাবাদী।”
চ্যাসিস ও চাকার কাজ শেষ হলেও গাড়িটির অন্যান্য যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা নির্মাণ, বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয় এবং পরীক্ষা এখনও বাকি। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়াই দলটির অন্যতম লক্ষ্য। টিমকে সার্বিকভাবে এগিয়ে নিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলাম সহ বিভাগের বেশ কয়েকজন শিক্ষকবৃন্দ।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের এ উদ্যোগ সফল করতে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা, সরঞ্জাম ও পৃষ্ঠপোষকতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফর্মুলা স্টুডেন্ট কার নির্মাণের মাধ্যমে নিজেদের প্রকৌশল দক্ষতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি উদ্ভাবনের সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করতে চায় টিম অ্যানেক্স রুয়েট।