
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বুধবার (২১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
পুলিশ ও এসআরবি সূত্র জানায়, দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে( ২১ অক্টোবর) রাত ২টায় সিপিএসসি, এসআরবি-৫-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচু বাগানের পূর্ব পাশে একটি সিমেন্টের বস্তা পরিত্যক্ত ও সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ভেতরে কসটেপে মোড়ানো হাতে তৈরি সর্বমোট ১০৩টি তাজা ককটেল পাওয়া যায়।
এর মধ্যে ৬৪টি লাল কসটেপ এবং ৩৯টি কালো কসটেপে পেঁচানো ছিল। আলামতগুলো উদ্ধার করে একটি জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সংশ্লিষ্ট কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি।