
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে এ তথ্য জানান অনিক নিয়োগী।
রুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী। তিনি রুয়েট ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্লাবটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রিকেটের প্রতি আগ্রহের পাশাপাশি তথ্য-উপাত্ত বিশ্লেষণে দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি পেশাগতভাবে যুক্ত হয়েছেন দেশের ক্রিকেট অঙ্গনে।
গত আড়াই বছর ধরে তিনি বিসিবিতে কাজ করছেন। এর মধ্যে গত দুই বছর বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি বাংলাদেশ এইচপি দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরেও অংশ নেন তিনি। এছাড়াও ২০২৬ সালের উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ নারী ‘এ’ দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরেও বিশ্লেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে অনিক নিয়োগীর। ঐ দুই আসরে তিনি যথাক্রমে চিটাগং কিংস ও চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন। দুই মৌসুমেই দল দুটি রানার্সআপ হয়।
আধুনিক ক্রিকেটে টিম অ্যানালিস্টের ভূমিকা কেবল পরিসংখ্যান বিশ্লেষণে সীমাবদ্ধ নয়। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়ন, প্রতিপক্ষের ব্যাটিং ও বোলিংয়ের ধরন বিশ্লেষণ, ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে সম্ভাব্য কৌশল নির্ধারণে সহায়তা করেন তারা। এসব বিশ্লেষণ কোচিং স্টাফের পরিকল্পনা প্রণয়ন এবং খেলোয়াড়দের প্রস্তুতিকে আরও কার্যকর করতে ভূমিকা রাখে।
প্রকৌশল শিক্ষার প্রতিষ্ঠান রুয়েট থেকে উঠে এসে দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ পরিসরে অনিক নিয়োগীর এ দায়িত্বপ্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পেশাগত অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে বিশ্লেষণনির্ভর প্রস্তুতি ও কৌশল নির্ধারণের কাজে যুক্ত থাকবেন তিনি।