Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৯ নভেম্বর ২০২৬ | ০৩:৪৩ অপরাহ্ন

নাগরিক সেবা গতিশীলে করদাতাদের উৎসাহে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

আবুল কালাম আজাদ , রাজশাহী:- ০৯ নভেম্বর ২০২৬

নাগরিক সেবা আরও গতিশীল করা এবং নিয়মিত করদাতাদের উৎসাহিত করার বড় ঘোষণা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এখন থেকে প্রতিবছর রাজশাহী মহানগরীর সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানাবে রাসিক। আগামী বছর থেকেই এই বিশেষ সম্মাননা প্রদান কার্যক্রম শুরু হবে।


​সোমবার (৯ অক্টোবর) সকালে নগর ভবনের সিটি হলরুমে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


​রাজস্ব আয় বাড়াতে পেশাদারিত্বের তাগিদ:-

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নাগরিক সেবা নিশ্চিত করার গুরুদায় দায়িত্ব অর্পণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর সার্বিক উন্নয়ন এবং কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবা কার্যক্রমকে দীর্ঘমেয়াদে টেকসই করতে নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত জরুরি। আর এই লক্ষ্য অর্জনে রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও বেশি আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।


​নিয়মিত করদাতাদের মূল্যায়ন:-

সাধারণ নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে এবং নিয়মিত করদাতাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। তিনি বলেন, ‘নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে এবং নিয়মিত করদাতাদের যথাযথ মূল্যায়ন করার অংশ হিসেবে আগামী বছর থেকে সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


​আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ার প্রত্যয়:-

শহরবাসীর দোরগোড়ায় সর্বোচ্চ সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে রাসিক প্রশাসক বলেন, ‘সবার সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় রাজশাহীকে একটি আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ এবং আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।


​সভায় যেসব বিষয়ে আলোচনা হয়:-

রাসিকের রাজস্ব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। এ সময় বকেয়া কর আদায় জোরদার করা, রাজস্ব খাতের ফাঁকফোকর বন্ধ করা এবং সামগ্রিক নাগরিক সেবার মানোন্নয়নের বিভিন্ন কৌশলগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


​সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।




রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।