Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৪ নভেম্বর ২০২৬ | ০১:৫৮ অপরাহ্ন

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬

ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে এক মাদরাসাছাত্র নিহতের ঘটনায় শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি ‘কাকলি’র প্রথম শ্রেণির মাস্টার মো. মোশাররফ হোসেনকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফলে ঘাট পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে দেড় শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

ফেরির কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, তাদের সহকর্মী মো. মোশাররফ হোসেনকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা নৌযান চালাবেন না। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তারা।

এর আগে গতকাল শুক্রবার শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়। আহত হয় আরো কয়েকজন।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল।

সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় আরো এক শিশু।

সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান এর চালক। বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে নৌ পুলিশ।

 বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কর্মচারীরা ধর্মঘট পালন করছেন।

--সংগৃহীত ছবি