
নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে পুতুলনাচ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে ব্র্যাক শিখার প্রকল্পের উদ্দ্যোগে রাজশাহীর রুয়েট অডিটোরিয়ামে এই পুতুলনাচ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুতুলনাচের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং এবং অনলাইনে নারীদের হয়রানি প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি নির্যাতন ও সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা পাওয়ার উপায় সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
এ সময় আইনি সহায়তা পেতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এর সহায়তা নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সরকারি হেল্পলাইন ১০৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
পুতুলনাচের মাধ্যমে সহজ ও আকর্ষণীয়ভাবে এসব বিষয় উপস্থাপন করায় দর্শকদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার বার্তা দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের জনসচেতনতামূলক আয়োজনের মাধ্যমে নারী ও শিশুর নিরাপত্তা, অধিকার এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।