
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড় সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. তারিফ (৩২)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড় এলাকার মো. আলমের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল জানতে পারে, এক ব্যক্তি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানে করে রাজশাহীর তানোর এলাকা থেকে অবৈধ মাদক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে যাচ্ছেন। ওই তথ্যের ভিত্তিতে আমনুরা ধীনগর মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সন্দেহভাজন অটোচার্জার ভ্যানটি চেকপোস্টের কাছে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশিকালে ভ্যানে থাকা প্লাস্টিকের বস্তার ভেতরে কী আছে জানতে চাইলে তারিফ এলোমেলো কথাবার্তা বলেন। পরে সন্দেহবশত তাকে গ্রেফতার করা হয় এবং বস্তা তল্লাশি করে ১৬টি প্লাস্টিকের সুতলির বান্ডেলের ভেতর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি পোটলায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনীটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে গাঁজা, ভ্যান ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।