
শুক্রবার ২০ নম্বর রাজশাহীতে হাফ ম্যারাথন আয়োজন শেষে নগরীর মেহেরচন্ডি ও আশপাশের সড়কে ব্যবহৃত পানির কাপ, প্লাস্টিক বোতল ও খাবারের প্যাকেট ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
আয়োজকদের অব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণের পূর্বপরিকল্পনা না থাকায় পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত রাজশাহীর পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় আয়োজক কমিটি ও সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা এবং বিদ্যমান আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।
রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত ওই হাফ ম্যারাথন শেষে দৌড়ের রুট ও বিশেষ করে হাইড্রেশন পয়েন্টগুলোর আশপাশে বিপুল পরিমাণ পরিত্যক্ত বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সংশ্লিষ্টদের মতে, যেকোনো জনসমাগমমূলক বা ক্রীড়া আয়োজনের পূর্বশর্ত হলো বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট পরিকল্পনা। দৌড়ের রুট, নিরাপত্তা ও আপ্যায়নের ব্যবস্থা করা হলেও অনুষ্ঠান শেষে সড়ক পরিষ্কার করার কোনো নিজস্ব স্বেচ্ছাসেবক দল বা নির্ধারিত ডাস্টবিনের ব্যবস্থা রাখেনি আয়োজকরা। ফলে এই অব্যবস্থাপনার প্রাথমিক ও প্রধান দায় আয়োজকদের ওপরই বর্তায়। অন্যদিকে, নগরীর প্রধান সড়কগুলোতে এত বড় একটি আয়োজন চললেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের আগাম সমন্বয় ও তদারকির অভাব ছিল বলে মনে করছেন অনেকেই।
সড়কে ছড়িয়ে থাকা খাবারের উচ্ছিষ্ট, কলার খোসা ও পানির কাপের কারণে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। ভেজা কাগজ ও খাবারের উচ্ছিষ্টে পা পিছলে পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া, এসব ওয়ান-টাইম প্লাস্টিক ও বর্জ্য বাতাসে উড়ে সড়কের পাশের ড্রেনে পড়ে জলাবদ্ধতা সৃষ্টি এবং নগরীর সার্বিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে বিনষ্ট করছে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, জনসাধারণের ব্যবহার্য সড়ক বা উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ দূষণ করা দণ্ডনীয় অপরাধ। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র বর্জ্য ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড এমনকি কারাদণ্ডের বিধান রয়েছে। অনুমতি সাপেক্ষে কোনো ইভেন্ট আয়োজন করা হলে স্থানটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আইনগত বাধ্যবাধকতাও আয়োজকদের ওপর বর্তায়।
এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ছাড় দেবে না। রাসিকের আওতায় রাস্তায় কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম করতে হলে রাসিকের পূর্বানুমতির প্রয়োজন হয়। এ সময় আয়োজকদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিয়ে সজাগ করা হয়।"
তিনি আরও বলেন, "গতকালের অনুষ্ঠানের পরে খাবারের উচ্ছিষ্ট অংশ, প্যাকেট ও পানির বোতল ফেলার বিষয়টি অবগত হওয়ার পর সেগুলো পরিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে, সেদিকে রাসিক পরিচ্ছন্নতা বিভাগ গুরুত্বসহকারে দেখবে।
পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়ে শেখ মোহাম্মদ মামুন বলেন, "যত্রতত্র ময়লা ফেলে যেন নগরী নোংরা না হয়, সেজন্য প্রত্যেককে সচেতন হতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজকদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হবে, যাতে অনুষ্ঠান শেষে তারা নিজেরাই সেগুলো পরিষ্কার করে নেন।
এ বিষয়ে জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রটনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ বা সাড়া না মেলায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহীর পরিবেশবিদরা বলছেন, "রাজশাহী একটি গ্রিন ও ক্লিন সিটি হিসেবে সারা দেশে পরিচিত। এই সুনাম ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। কোনো সংগঠন বা আয়োজক কমিটি সড়কে অনুষ্ঠান করলে তাদের অবশ্যই নিজস্ব ব্যবস্থাপনায় বর্জ্য পরিষ্কারের আগাম পরিকল্পনা রাখতে হবে। যত্রতত্র ময়লা ফেলে শহর নোংরা করার বিষয়ে সিটি কর্পোরেশনের কঠোর আইন রয়েছে।
ভবিষ্যতে যেকোনো আয়োজনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্নতার শর্ত কঠোরভাবে আরোপ করতে হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
রাজশাহীর পরিবেশবিদ ড. মাহবুবুল আলম বলেন, "একটি স্বাস্থ্যসচেতনতামূলক আয়োজন থেকে যদি পরিবেশ দূষণ ঘটে, তবে তা অত্যন্ত দুঃখজনক। হাইড্রেশন পয়েন্টগুলোতে নির্দিষ্ট দূরত্ব পরপর বর্জ্য ফেলার ঝুড়ি রাখা বাধ্যতামূলক হওয়া উচিত। প্লাস্টিক ও খাবারের উচ্ছিষ্ট ড্রেনেজ ব্যবস্থাকে অচল করে দেয় এবং মাটির গুণাগুণ নষ্ট করে।
মেহেরচন্ডি এলাকার নিয়মিত পথচারী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "সকালে হাঁটতে বের হয়ে দেখি পুরো রাস্তায় পানির কাপ আর খাবারের প্যাকেট পড়ে আছে। খাবারের উচ্ছিষ্টে পা পিছলে পড়ার মতো অবস্থা। খেলাধুলার আয়োজন অবশ্যই ভালো, কিন্তু রাস্তা নোংরা করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো কোনোভাবেই ঠিক নয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রাজশাহী জেলা শাখার প্রতিনিধি অ্যাডভোকেট নাজমুল হক বলেন, "নাগরিক সচেতনতার পাশাপাশি আয়োজকদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। আইন থাকা সত্ত্বেও প্রয়োগ না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। আয়োজক কমিটির উচিত অবিলম্বে দুঃখ প্রকাশ করে সড়কগুলো পরিষ্কার করা এবং সিটি কর্পোরেশনের উচিত এ বিষয়ে নজরদারি বাড়ানো।
খেলাধুলা ও শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করতে হাফ ম্যারাথনের মতো আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক। তবে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাকে পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিশ্চিত করার দাবি জানিয়েছেন রাজশাহীবাসী।