
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চাইলে আঁশযুক্ত কার্বোহাইড্রেট, চর্বিহীন প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বেছে নেওয়া ভালো। চিনাবাদাম ও পপকর্ন-দুটিই এ ক্ষেত্রে উপযোগী। তবে চিনাবাদাম রক্তে শর্করার মাত্রায় তুলনামূলকভাবে কম প্রভাব ফেলে।
চিনাবাদাম রক্তে শর্করা কিছুটা কম বাড়ায়
পপকর্নে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হওয়ায় এটি চিনাবাদামের তুলনায় রক্তে শর্করার মাত্রা কিছুটা বেশি বাড়াতে পারে বলে জানিয়েছেন আমেরিকান ইউনিভার্সিটির পুষ্টি শিক্ষা বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালক দারা ফোর্ড।
তবে চিনাবাদাম ও পপকর্ন-দুটিতেই এমন পুষ্টি উপাদানের ভালো সমন্বয় রয়েছে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে এগুলো তৃপ্তিদায়ক ও উপভোগ্য নাশতা হিসেবে খাওয়া যায়, যা রক্তে শর্করার মাত্রায় বড় ধরনের ওঠানামা ঘটায় না।
চিনাবাদাম রক্তে শর্করার মাত্রায় তুলনামূলক কম প্রভাব ফেলে এবং এতে অনেক পুষ্টি উপাদান রয়েছে। তবে এটি ক্যালরিসমৃদ্ধ খাবার হওয়ায় অল্প পরিমাণেই অনেক ক্যালরি পাওয়া যায়। তাই চিনাবাদাম খাওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।
একইভাবে, পপকর্নের পুষ্টিগুণও নির্ভর করে এটি কীভাবে তৈরি করা হচ্ছে তার ওপর। তেল ছাড়া গরম বাতাসে তৈরি পপকর্ন পরিমিত পরিমাণে এবং বাড়তি উপকরণ ছাড়া খেলে এতে ক্যালরি কম থাকে এবং চর্বি থাকে না। তবে এতে মাখন, তেল বা লবণ যোগ করলে কিংবা অতিরিক্ত খেলে পুষ্টিগুণের হিসাব বদলে যেতে পারে।
ফোর্ড বলেন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে চিনাবাদাম ও পপকর্ন-দুটিই পুষ্টিকর নাশতা হিসেবে খাওয়া যেতে পারে।
পুষ্টিগুণের তুলনা
এলএ কেয়ার হেলথ প্ল্যানের পুষ্টি সেবা বিভাগের সুপারভাইজার ডানা হেন্ডারসন বলেন, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চিনাবাদাম ও পপকর্ন-দুটিই ভালো নাশতার বিকল্প।
চিনাবাদাম আঁশের ভালো উৎস। এতে প্রচুর পরিমাণে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড চর্বি রয়েছে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করতে পারে। চিনাবাদামের আদর্শ পরিমাণ বা এক পরিবেশন বলতে প্রায় ১ আউন্স বা এক হাতের তালুতে যতটা ধরে, ততটুকু বোঝায়।
এক পরিবেশন চিনাবাদামে আনুমানিক রয়েছে-
ক্যালরি: ১৭০
প্রোটিন: ৭ গ্রাম
কার্বোহাইড্রেট: ৮ গ্রাম
চর্বি: ১৩ গ্রাম
হেন্ডারসন বলেন, চিনাবাদামে আঁশ, প্রোটিন ও চর্বির সুষম সমন্বয় রয়েছে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন, এমন ব্যক্তিদের জন্য এটি উপযুক্ত নাশতা হতে পারে।
পপকর্নের আদর্শ পরিমাণ বা এক পরিবেশন বলতে প্রায় ৩ কাপ তৈরি পপকর্ন বোঝায়। তেল ছাড়া গরম বাতাসে তৈরি এবং বাড়তি উপকরণ ছাড়া খেলে এতে আনুমানিক রয়েছে—
ক্যালরি: ১০০
প্রোটিন: ৩ গ্রাম
কার্বোহাইড্রেট: ১৭ গ্রাম
চর্বি: ১ দশমিক ১ গ্রাম
হেন্ডারসন বলেন, পপকর্নে ৩ দশমিক ৫ গ্রাম আঁশ রয়েছে। এর পাশাপাশি পপকর্নের পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা না বাড়িয়েই দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। তবে অতিরিক্ত মাখন বা লবণ যোগ করা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত খাওয়া এড়াতে নির্দিষ্ট পরিমাণ পপকর্ন একটি পাত্রে নিয়ে খাওয়াও ভালো।
চিনাবাদাম ও পপকর্ন-দুটিতেই উদ্ভিজ্জ পলিফেনল রয়েছে। এসব উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরে প্রদাহ কমাতে সহায়তা করতে পারে।
সূত্র: ভেরিওয়েল হেলথ