
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচলের সময়সূচি রক্ষা ও ক্রসিং ব্যবস্থাপনায় কন্ট্রোল রুমের চরম সমন্বয়হীনতা, অদক্ষতা এবং অদূরদর্শী সিদ্ধান্তের কারণে নাকাল হচ্ছেন সাধারণ যাত্রীরা।
বিশেষ করে পাকশী বিভাগীয় সেকশনসহ পুরো পশ্চিম রেলজুড়েই কন্ট্রোলের খামখেয়ালি সিদ্ধান্ত এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আন্তঃনগর ট্রেনের সামান্য কয়েক মিনিট সময় বাঁচাতে গিয়ে কমিউটার বা লোকাল ট্রেনগুলোকে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পাকশী সেকশনের কুষ্টিয়া-পাংশা রুটে কন্ট্রোল রুমের এমনই এক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন ১৪১ নম্বর কমিউটার (শাটল) ট্রেনের শত শত যাত্রী। ওই দিন ৭৫৫ নম্বর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি যখন পাংশা স্টেশনে অবস্থান করছিল, ঠিক তখনই ক্রসিংয়ের অজুহাতে ১৪১ নম্বর কমিউটার ট্রেনটিকে কুষ্টিয়া স্টেশনে বসিয়ে রাখা হয়। এর ফলে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৪৯ মিনিট বিলম্বে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
কুষ্টিয়ার বদলে কুমারখালিতেই সম্ভব ছিল ক্রসিং:-
রেলওয়ের অপারেশনাল সময় ও দূরত্বের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ওই দিনের ক্রসিংটি কুষ্টিয়ার পরিবর্তে পরবর্তী কুমারখালি স্টেশনে অত্যন্ত স্বাভাবিকভাবেই সম্পন্ন করা যেত।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী পাংশা থেকে কুমারখালি স্টেশনে ট্রেনের রানিং টাইম ২৬ মিনিট আর কুষ্টিয়া থেকে কুমারখালি স্টেশনে ট্রেনের রানিং টাইম মাত্র ১৯ মিনিট।
রানিং টাইমের এই গাণিতিক হিসাব অনুযায়ী, ট্রেন দুটির গতিবিধি সমন্বয় করলে কুমারখালিতে একটি নিখুঁত ও কার্যকর ক্রসিং করা সম্ভব ছিল। এতে ১৪১ নম্বর কমিউটার ট্রেনটিকে কুষ্টিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে রেখে প্রায় পৌনে এক ঘণ্টা বিলম্বের মুখে ফেলতে হতো না।
‘আন্তঃনগরের ৩-৪ মিনিট’ বনাম ‘কমিউটারের ৪৯ মিনিট:-
সংশ্লিষ্ট অপারেশনাল সূত্র জানায়, ক্রসিংটি কুমারখালিতে না দিয়ে কুষ্টিয়ায় দেওয়ার পেছনে কন্ট্রোল রুমের যুক্তি ছিল—কুমারখালিতে ক্রসিং দিলে ৭৫৫ নম্বর মধুমতি এক্সপ্রেস ৩ থেকে ৪ মিনিট বিলম্ব হতে পারে।
রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, এই যুক্তি চরম বৈষম্যমূলক ও অপেশাদার। একটি আন্তঃনগর ট্রেনের মাত্র ৩-৪ মিনিট সময় বাঁচাতে গিয়ে একটি কমিউটার ট্রেনের যাত্রীদের ৪৯ মিনিট বসিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য অপারেশনাল সিদ্ধান্ত হতে পারে না।
ওই ট্রেনের নিয়মিত যাত্রী, কুষ্টিয়া শহরের ব্যবসায়ী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা প্রতিদিন এই শাটল ট্রেনে যাতায়াত করি। সেদিন মধুমতি এক্সপ্রেস পাংশায় থাকা অবস্থাতেই আমাদের ট্রেন কুষ্টিয়ায় বসিয়ে রাখা হলো। অথচ ট্রেনটি কুমারখালি পর্যন্ত অনায়াসে যেতে পারত। কন্ট্রোলের এই অযৌক্তিক সিদ্ধান্তে আমাদের প্রায় ৫০ মিনিট নষ্ট হয়েছে। ট্রেনের একজন সাধারণ বাদাম বিক্রেতাও বলে দিতে পারবেন যে এই ক্রসিংটা ভুল ছিল।
রাজবাড়ী গামী,আরেক যাত্রী নাজমুল হাসান বলেন, "আন্তঃনগর ট্রেনের ৩-৪ মিনিট বাঁচাতে গিয়ে আমাদের মতো সাধারণ যাত্রীদের ৪৯ মিনিট বসিয়ে রাখা চরম বৈষম্য। আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? কন্ট্রোল রুমের খামখেয়ালির কারণে প্রায়ই অফিস ও জরুরি কাজে দেরি হয়ে যাচ্ছে। দেখার যেন কেউ নেই।"
পশ্চিম রেলজুড়েই কন্ট্রোলের অদক্ষতা ও অতীতের দায়:-
খোঁজ নিয়ে জানা গেছে, কেবল কুষ্টিয়া বা পাকশী সেকশন নয়, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় প্রতিটি রুটেই কন্ট্রোল রুমের অদক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তহীনতার কারণে নিয়মিত শিডিউল বিপর্যয় ঘটছে। অতীতেও সিঙ্গেল লাইন সেকশনগুলোতে কন্ট্রোলারদের ভুল ক্রসিং নির্ধারণ ও সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকা থেকে শুরু করে বড় ধরনের অপারেশনাল জটিলতা তৈরির নজির রয়েছে।
বর্তমানে আধুনিক সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার যুগেও কন্ট্রোল রুমের সিদ্ধান্তে কেন এমন স্থবিরতা ও অদূরদর্শিতা দেখা যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রেলওয়ের মাঠপর্যায়ের কর্মীরাও। তাদের মতে, কমিউটার ও লোকাল ট্রেনগুলো মূলত স্বল্প দূরত্বের সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের প্রধান ভরসা। কন্ট্রোলের অবহেলায় এসব ট্রেন নিয়মিত বিলম্বিত হওয়ায় সাধারণ যাত্রীরা রেলবিমুখ হচ্ছেন।
কর্তৃপক্ষের বক্তব্য:-
সার্বিক বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, "সিঙ্গেল লাইন সেকশনে অনেক সময় ট্রেনের অগ্রাধিকার ও সামগ্রিক শিডিউল ঠিক রাখতে গিয়ে কন্ট্রোল রুমকে তাৎক্ষণিক কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আন্তঃনগর ট্রেনগুলো দূরপাল্লার হওয়ায় সেগুলোর সময়সূচি ঠিক রাখার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়।
তবে সামান্য সময়ের জন্য কমিউটার ট্রেনকে দীর্ঘ সময় বসিয়ে রাখার বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি আরও বলেন, "কমিউটার বা লোকাল ট্রেনের যাত্রীরাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ৩-৪ মিনিট বাঁচাতে গিয়ে একটি ট্রেনকে ৪৯ মিনিট বসিয়ে রাখা কোনোভাবেই কাম্য নয়। পাকশী সেকশনের ওই নির্দিষ্ট ঘটনাটি কেন ঘটল এবং কন্ট্রোল রুমের কোথাও কোনো গাফিলতি বা অদক্ষতা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। যাত্রী ভোগান্তি কমাতে কন্ট্রোল ব্যবস্থাপনাকে আরও জবাবদিহির আওতায় আনা হচ্ছে।