
বাগেরহাটের মোল্লাহাটে নির্মম পৈশাচিকতায় প্রায় ৪ বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। আহসান বিশ্বাস নামে ওই শিশুটিকে হাত-পা-মুখে পলিথিন ও সার্জিক্যাল টেপ দিয়ে জড়িয়ে হত্যা করা হয়।
শনিবার বিকেলে পলিথিন ও সার্জিক্যাল টেপ দিয়ে মুখ-মাথা প্যাচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় মোল্লাহাট থানা পুলিশ ও পিবিই বাগেরহাট পুলিশ শিশু আহসানের লাশ উপজেলার কচুড়িয়া এলাকার বিল্লাল শরীফের বাড়ির পাশে একটি পান বরাজের গর্ত থেকে উদ্ধার করেছে।হত্যার শিকার শিশু আহসান বিশ্বাস নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চরশুকতাইইল গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে। সে মায়ের সাথে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে নানা ফিরোজ আহমেদের বাড়িতে থাকত। শুক্রবার (০৬ এপ্রিল)বিকেলে নানা বাড়িতে প্রতিবেশির বাড়িতে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। রাতে তার বাবা মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরী করেন। রাতেই পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
পুলিশের ধারণা বলাৎকারের পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুটিকে।পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে এই শিশুকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেন মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, বলাৎকারের পর তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা’ করা পৈশাচিক এ হত্যা করেছে তা তাৎক্ষণিক তিনি বলতে পারেননি। খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাসেলুর রহমান জানান, বলাৎকারের পর পলিথিন ও সার্জিক্যাল টেপ দিয়ে মুখমন্ডল পেঁচিয়ে এবং হাত-পা বেঁর্ধে নির্মমভাবে শিশুটিকে হত্যা করা হয়। শনিবার বিকেলে কচুড়িয়া গ্রামের দাউদ শরীফের পানের বরজের সামনে ফাঁকা জায়গায় গর্তের মধ্যে শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তাৎনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
তবে শিশুটির নানা ফিরোজ আহমেদ দাবী করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দোলন শেখ, নুরুল ইসলাম শেখ, আবুল ও বাবুল পরিকল্পিতভাবে আমার নাতীকে হত্যা করেছে। তারা বিভিন্ন সময় আমাকে হুমকীও দিত। আমি এই হত্যাকারীদের ফাঁসি চাই।’
এদিকে এক মাত্র ছেলে সন্তানকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন মা হুমায়রা বেগম। জ্ঞান ফিরলেই ছেলের হত্যাকারীদের ফাঁসি চেয়ে বিলাপ করছেন। স্বজনদের শত আশ্বাসেও শান্ত হচ্ছে না মায়ের মন। মা হুমায়রা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাসি চাই। আর কিছু চাই না।