
কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরে কুমিল্লা নগর ভবনে এসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমার জীবনের বড় ধরনের একটি সূচনা হলো আজ। আমার বাবা আ ক ম বাহাউদ্দিন বাহার এর আগে কুমিল্লা পৌরসভাকে দ্বিতীয় শ্রেণির পৌরসভা থেকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করেছেন।
সিটি নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিল একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তুলব। আপনারা আমার ওপর আস্থা রেখেছেন, আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আপনাদের সার্বিক সহায়তা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কাজ আজ থেকে শুরু হলো। আমি নগরবাসীর কল্যাণে সর্বদা কাজ করব।