Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১২ মে ২০২৪ | ১০:৩৯ পূর্বাহ্ন

আজ বিশ্ব ‘মা’ দিবস

অনলাইন ডেস্ক ১২ মে ২০২৪

পরিবর্তনশীল এই পৃথিবীতে সবকিছুর পরিবর্তন হলেও বদলায়নি কেবল মায়ের ভালোবাসা। প্রতিটি মা কেবল চায় সন্তানদের বুকে জড়িয়ে রাখতে। সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে তাদের দূরত্ব বাড়লেও মায়েরা চায় সন্তানদের মুখগুলো চোখের সামনে রাখতে। তাই তো অসুস্থ মায়েরাও শরীরে শক্তি পায় ছেলে যখন বাড়েতে মাকে দেখতে আসেন। কোন মা হয়তো রোজ ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে দিন গুনতে থাকেন, দূর দেশ থেকে সন্তান ফেরার প্রত্যাশায়। মায়েদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের একটাই প্রত্যাশা ‘সন্তানরা যেন থাকে মায়েদের সানিধ্যে’।

যুগ যুগ ধরে পৃথিবীতে মায়ের ত্যাগ আর ভালোবাসা চির অমলিন। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার গল্পগুলোও যেন একেকটি উপন্যাস। মৃত্যু ছাড়া সে ভালোবাসায় কোনো ছেদ পড়ে না। সময়ের ব্যবধানে অতীতের মায়ের সঙ্গে এ যুগের মায়ের কর্মময় জীবনের কিছুটা পার্থক্য থাকলেও মায়ের ত্যাগ-ভালোবাসা একই রকম। অনেক কষ্টে থেকেও মা কখনো বলতে বা বোঝাতে চান না যে, তার সন্তানেরা তাকে ভালোবাসেন না। কথা হয় কয়েকজন মায়ের সঙ্গে, যারা জীবন সায়াহ্নে এসে উপলব্ধি করছেন, তারা তাদের জীবনের কৈশোর-তারুণ্য-সবটাই উজাড় করে দিয়েছেন সন্তানদের জন্য। এখন স্নেহ ভালোবাসা ছাড়া দেওয়ার কিছু অবশিষ্ট নেই। যান্ত্রিক এই দুনিয়ায় তাই তো মায়ের ভালোবাসা আর স্নেহকে উপেক্ষা করে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে।  

প্রতিটি মায়ের জীবনের গল্প প্রায় একই রকম। নানান ত্যাগ আর ভালোবাসায় ঘেরা মায়েদের জীবন—আজ মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস। এই দিবসের উদ্দেশ্য হলো—আরেকবার স্মরণ করিয়ে দেওয়া যে, মা ছাড়া এই পৃথিবীতে আপন নিবাসের ঠিকানা খুবই কম। মায়েদের শ্রদ্ধা জানানোর জন্যই এই দিবস। বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয় মা দিবসের প্রচলন। 

যদিও প্রাচীন গ্রিক ও রোমানদের মধ্যেও মাকে সম্মান জানাতে বিশেষ দিবসের প্রচলন ছিল বলে জানা যায়। মা দিবস উদযাপনের পেছনের ইতিহাস খুঁজতে গিয়ে জানা যায়, দিবসটির সূচনা হয় ১৯০৮ সালে। এর আগে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষক অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির কথা ভেবেছিলেন। 

অ্যানা জারভিসের সেই ভাবনা বাস্তবায়নের আগেই ১৯০৫ সালের ৯ মে তিনি মারা যান। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন। বন্ধুবান্ধবকে নিয়ে ১৯০৮ সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রবিবারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়।

বিবিএন-এসডি

আজ বিশ্ব ‘মা’ দিবস