মানিকগঞ্জের সাটুরিয়ায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা।এতে ঢাকা আরিচা মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রাখলে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
এসব বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত একাধিক শ্রমিকরা বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। তবে অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে উদাসিন কর্তৃপক্ষ। যে কারণে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে।
রাইজিং স্পিনিং মিলের এজিএম মোশারফ হোসেন বলেন, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন কাঠামো করে বেতন ভাতা দিচ্ছেন। স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়। কিন্তু বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। এখানে কারো ইন্ধনেই অসাধু কিছু শ্রমিক অহেতুক এই আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি ও তার টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক শ্রমিক পক্ষ কথা বলে ৩ ঘন্টা পর যান বাহন চলাচল স্বাভাবিক করা হয়। মালিক ও শ্রমিক পক্ষ বসে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয় বলে তিনি জানান।