রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী ও বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র জাতিসত্তার বিভিন্ন বয়সী নারী-পুরুষদের নিয়ে স্বাস্থ্যবিধি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটা থেকে দুঘন্টাব্যাপী এ মেলার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরি’র চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম কমিউনিটি কার্যালয়ের এফএইচ এসোসিয়েশন।
মেলায় ৩টি স্টলে স্যানিটেশন, ব্যক্তিগত স্বাস্থ্যচর্চা ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক নানা পোস্টার, ফেস্টুন, কার্ড প্রদর্শন করা হয়। এছাড়া হাত ধোয়ার কৌশলসমূহ হাতেনাতে শেখানো হয়। শেষে শিক্ষার্থী, শিক্ষক ও গ্রামবাসীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪২ জন সঠিক উত্তরদাতাকে পুরস্কার হিসেবে স্যানিটারি ন্যাপকিন, টুথপেস্ট ও ব্রাশ, সাবান, নেইল কার্টার দেয়া হয়।
এসময় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর শরীয়ত আলী, বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র জাতিসত্তার মোড়ল কার্তিক কোল টুডু, মাধব কোল সরেন, নারী নেত্রী কোকিলা মার্ডি, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, এফএইচ এসোসিয়েশন, ঝিলিম কমিউনিটির টিম লিডার রাজিয়া জান্নাত। উপস্থিত ছিলেন সংস্থার চাইল্ড প্রোমোটর রেনু হেমব্রম, সিনিয়র এনিমেটর আনোয়ার হোসেন, আয়েশা সিদ্দিকা, এনিমেটর জাহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, প্রান্তিক এলাকার শিক্ষার্থীসহ নারী ও পুরুষদের স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে ও সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়। এতে সকলে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পেরেছে, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়া অনুশীলন করেছে। শেষে স্বাস্থ্যবিধি সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিততে পেরেছে। এটি একটি উন্নয়ন ও সচেতনতামূলক কর্মকান্ড। এটি একটি ভালো উদ্যোগ। এমন উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে হলে তাঁরা আরও এগিয়ে যাবে।