Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ জুন ২০২৪
১২:০৪ পূর্বাহ্ন

স্বস্তির যাত্রায় কিছু বিঘ্ন

অনলাইন ডেস্ক : বাস-ট্রেন-লঞ্চে ভিড় Some interruptions in the journey of relief

হাতে সময় কম। আগামী সোমবার ঈদুল আজহা। লাখ লাখ মানুষের গন্তব্য এখন নগর জীবনের হাফ ছেড়ে আসল ঘরে ফেরা। লঞ্চ ঘাট, বাস টার্মিনাল আর ট্রেন স্টেশন, কোথাও যেন পা ফেলার জায়গা নেই। গন্তব্যে ছুটতে হাতে টিকিট নিয়ে যাত্রীদের বিশাল ব্যস্ততা। উপলক্ষ প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন। ছুটি শুরু হতেই সড়ক, মহাসড়ক, নদী ও রেলপথে যে যার মতো  ঢাকা ছাড়ছে। ফাঁকা হয়ে পড়েছে তিলোত্তমা এই নগরী। কিন্তু পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক আন্দোলনে যান চলাচল বন্ধ ও  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটারের যানজট ঘরে ফেরা মানুষের নির্বিঘœ যাত্রায় ভোগান্তিতে ফেলেছে। এর সঙ্গে বাস-ট্রেনের টিকিট পেতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় ওইদিন রাত থেকেই ঘরে ফিরতে শুরু করে মানুষ। যানবাহনের চাপে শুক্রবার ভোর থেকে পদ্মা সেতুর টোল প্লাজায় লম্বা যানজটের সৃষ্টি হয়। মাওয়ার পদ্মা সেতু টোল প্লাজা থেকে শুরু করে শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তায় ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণের ঘরমুখী যাত্রীরা।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার সাতটি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়িয়েছেন সেতু নিরাপত্তাকর্মীরা। তবে রাজধানী থেকে যানবাহনের তীব্র চাপে দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এদিকে ঈদ যাত্রার প্রথম দিনেই কয়েক ঘণ্টা বন্ধ ছিল  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল। একটি ডেনিম প্রসেসিং প্লান্টের শ্রমিকদের আন্দোলনে জটলা ছড়ায় ২০ কিমি পর্যন্ত। পরে প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে শ্রমিকরা সরে দাঁড়ালে সড়কে যান চলাচলে গতি আসে। তবে সেই জট ছাড়তে কয়েক ঘণ্টা লেগে যাবে বলে জানা গেছে।

উত্তরাঞ্চল যাত্রায় ভোগান্তির নাম  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এ সড়কে ১৩ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগ এড়াতে ঘুরতে হচ্ছে প্রায় ২৯ কিলোমিটার আঞ্চলিক সড়ক। এসব সড়কে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যানবাহনের চালক ও যাত্রীরা।

তবে সড়কে চাপ আছে যানজট নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ঈদের তুলনায় ভোগান্তি হবে না। তবে, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। এ সময় পশুবাহী গাড়িগুলোকে যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

শুক্রবার সদরঘাট কমলাপুর রেলস্টেশন, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল দিয়ে হাজার হাজার মানুষ  ঢাকা ছাড়তে শুরু করে। বিকেল ৩টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি লঞ্চই যাত্রী বোঝাই। বিশেষ করে চাঁদপুর, বরিশাল ও ভোলা রুটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোনো লঞ্চেই কেবিন খালি নেই। ডেকেও দেখা গেছে যাত্রীদের ভিড়। প্রায় প্রতিটি লঞ্চকেই অতিরিক্ত যাত্রী নিতে দেখা গেছে।

বরিশালগামী যাত্রীরা জানান, পদ্মা সেতুর কারণে সড়ক, নৌপথ দুটো দিয়েই বাড়ি ফেরার সুযোগ আছে। যার যেদিক দিয়ে সুবিধা সে সেদিক দিয়ে যাচ্ছে। আফরিন রহমান নামে এক যাত্রী জানান, সড়ক দিয়ে বরিশাল যাওয়া সহজ এবং নৌপথের চেয়ে অনেক কম সময় লাগে। যে কারণে ঈদকেন্দ্রিক আগে লঞ্চে যে চাপ ছিল সেটা অবশ্য এখন নেই। তবে অনেকে আরামের যাত্রার জন্য সপরিবারে লঞ্চে যাত্রা করেন।  ঢাকা-চাঁদপুরগামী লঞ্চে আগের তুলনায় যাত্রীর চাপ একটু বেড়েছে। জোরে জোরে হাঁক ডেকে লঞ্চে যাত্রী নিচ্ছিলেন  ঢাকা-হুলারহাট-ভা-ারিয়াগামী লঞ্চ এমভি যুবরাজ-৭ লঞ্চের স্টাফরা। শরিফুল ইসলাম নামের এক কর্মী বলেন, ঈদে যাত্রী বেশি হয়। আমাদের মূল যে বেতন তার চেয়ে আমরা টিপস বেশি পাই। এ জন্য ঈদে বাড়ি যেতে না পারলেও বাড়তি ইনকামে বেশ খুশি খুশি লাগে।

যাত্রীদের চলাচলের সুবিধার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঈদ স্পেশাল সার্ভিসের আওতায় এবার সদরঘাট টার্মিনাল থেকে মোট ১৮০টি লঞ্চ ছাড়বে। এসব নৌপরিবহনের মধ্যে ঢাকা থেকে ছাড়বে ৯০টি, বিভিন্ন স্থান থেকে ৯০টি ঢাকায় আসবে। ঈদযাত্রা নিরাপদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি মো. আবুল কালাম বলেন, যাত্রীদের নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চ নজরদারিতে রাখা হচ্ছে। কোনো লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করে সে জন্য আমরা সতর্ক করেছি। এর পরও এক লঞ্চ থেকে অপর লঞ্চকে হুট করে ধাক্কা দেওয়া এবং যাওয়ার পথে তাড়াহুড়া করে যাত্রী তোলার বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ জানিয়েছেন।

রেল স্টেশন ॥ সাধারণত ঈদ এলেই  ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) উপচেপড়া ভিড় থাকে। ট্রেনে উঠতে খুব বেগ পোহাতে হয় যাত্রীদের। রীতিমতো যুদ্ধ করে ট্রেনে উঠতে পারলেও অতিরিক্ত ভিড়ে নিজের সিট পর্যন্তও পৌঁছাতে পারেন না অনেকে। এ ছাড়াও দেরিতে ট্রেন পাওয়া যেন উৎসবের আগে নিত্য ঘটনা। তবে, এবারের ঈদযাত্রায় এই রেল স্টেশনের চিত্র পুরোপুরি ভিন্ন। অন্যান্য ঈদে যে পরিমাণ ভিড় থাকে এবং যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়, এবার তার ছিটেফোঁটাও নেই। ফলে স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারছেন যাত্রীরা। এতে বেশ স্বস্তি প্রকাশ করেছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, প্লাটফর্ম এলাকায় যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে  ঢাকা স্টেশনের প্লাটফর্ম এলাকায় অবাঞ্ছিত কোনো মানুষকে দেখা যায়নি। এতে স্টেশনের প্লাটফর্ম এলাকার পরিবেশ অনেকটাই ভালো। ঈদযাত্রায় ট্রেনের যাত্রীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য প্লাটফর্ম এলাকায় প্রবেশের মুখে র‌্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করেছে। প্লাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) দেখা গেছে যাত্রীদের টিকিট চেক করতে। যাদের টিকিট নেই, তারা ১-৬ নম্বর কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করছেন। তারপর পরিচ্ছন্ন একটি পরিবেশের মধ্য দিয়ে প্লাটফর্ম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠছেন যাত্রীরা।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর ৯টা ১৫ মিনিটে  ঢাকা স্টেশন ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস। যাত্রীরা বলছেন, ট্রেনের টিকিট সংগ্রহ করতে যতটা কষ্ট হয়েছে, ততটা কষ্ট ট্রেনে চড়তে হয়নি। রিকশা থেকে নামার পর ট্রেন পর্যন্ত হেঁটে এসেছি। আগে প্লাটফর্ম এলাকায় মানুষের সঙ্গে ধাক্কা লেগে হোঁচট খেতে হতো, এবার কারও সঙ্গে ধাক্কা লাগেনি। প্লাটফর্মে এসে দেখলাম ট্রেন দাঁড়ানো আছে। ট্রেনে উঠতেও তেমন কোনো ভিড় ছিল না।  সুন্দরভাবে নিজের আসন খুঁজে পেয়েছি। এমন ব্যবস্থাপনা থাকলে রেলওয়ে ভালো করবে।

আদিব আহসান নামের এক যাত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, কয়েক বছর আগে পরিবার নিয়ে ভ্রমণ করতে খুব কষ্ট হতো। প্লাটফর্ম এলাকায় হাজার হাজার মানুষের ভিড় থাকত, ট্রেনে নিজের সিট পর্যন্ত যাওয়া যেত না। গত দুই বছর এই ভোগান্তি লাঘব হয়েছে।

 ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। প্রথম দিনের মতো কোনো বিলম্ব নেই।

এদিকে রেল কর্তৃপক্ষ বলছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল। ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং সিডিউল বিপর্যয় নিরসনেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। ১৪ জুন রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব পণ্যবাহী (গুডস) ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এ

গাবতলী বাস টার্মিনাল ॥ রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের চাপ কিছুটা কম। মূলত পদ্মা সেতুর কারণে সায়েদাবাদ-যাত্রাবাড়ী রুটে যান চলাচল বেশি হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এরপরও যেসব যাত্রী টার্মিনালে আসছেন, তাদের টিকিট সংকট ও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। শুক্রবার সকালে টার্মিনালের কাউন্টারগুলোতে এমন অবস্থা দেখা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যের টিকিট সংকট বেশি। আর টিকিট পেলেও যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টার পরিচালনার সঙ্গে যুক্ত কর্মচারীরা জানান, ‘ভালো’ মানের সেবা দেওয়া পরিবহনগুলোর টিকিট নেই। তবে কেউ যাত্রা বাতিল করলে সেই টিকিট বিক্রি হচ্ছে। আবার বাসের পেছনে বা সামনে দু-একটা ফাঁকা আসন থাকলে সেগুলোর টিকিট বিক্রি হচ্ছে।

মহাখালী বাস টার্মিনাল ॥ রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, যাত্রীদের লম্বা লাইন। তবে অধিকাংশ বাসের কাউন্টারে নেই টিকিট। আবার কিছু কিছু পরিবহনের টিকিট থাকলেও সংকট রয়েছে বাসের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ঘুরে এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইলগামী নিরালা সুপার পরিবহনের টিকিটের জন্য যাত্রীরা তিন-চার ঘণ্টা ধরে অপেক্ষা করছে। টিকিট থাকলেও পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, বাস ঠিকই রয়েছে, কিন্তু ভাড়া বাড়ানোর জন্য কাউন্টার কর্তৃপক্ষ বাসের সংকটের অজুহাত দিচ্ছে। বাস সার্ভিসের কাউন্টার ম্যানেজার সাজ্জাদ খান জানান, পর্যাপ্ত টিকিট রয়েছে ঠিকই, কিন্তু টাঙ্গাইলে যে কয়টি বাস ছেড়ে গিয়েছে, সেগুলো এখনো ফিরে আসছে না। বাস ফিরে না আসা পর্যন্ত আমরা টিকিট দিতে পারছি না।

পাটুরিয়া  ফেরিঘাট ॥ পদ্মা সেতুর কারণে ভোগান্তির যে চিত্র দেখা যেত, পাটুরিয়া- দৌলতদিয়া ফেরিঘাটে এখন আর সে অবস্থা নেই। প্রশাসনের কড়াকড়িতে নিয়ম মেনে  ফেরিতে উঠছে গণপরিবহন। তবে মানুষের ভিড় বাড়তে শুরু করায় লঞ্চ ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিস, নৌপুলিশ, গোয়ালন্দ ঘাট থানা পুলিশসহ পরিবহন মালিকদের স্বেচ্ছাসেবক কাজ করছে। ঘাট এলাকায় যাত্রীদের সুবিধার্থে বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। বাস মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন, সে বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কাজ করছেন। এ ছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘাট এলাকায় সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।

যাত্রীরা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি হয়নি।  ঢাকা-আরিচা মহাসড়কও ফাঁকা ছিল।’ বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বহরে থাকা ১৮টি ফেরি চারটি ঘাট দিয়ে চলাচল করছে। ঘাটের সার্বিক পরিস্থিতিতে বলা যায়, যাত্রীদের কোনো ভোগান্তি নেই। যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি এড়াতে আমরা সব সময় নজরদারি করছি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news