জয় দিয়েই বছর শুরু করেছেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু। ইনজুরিতে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকা ২১ বছর বয়সী এই তরুনী অকল্যান্ড ক্লাসিক টেনিসে সোমবার ৬-৩,৪-৬,৭-৫ গেমে পরাজিত করেন এলিনা গ্রাব্রিয়েলা রুসিকে। অখ্যাত এই প্রতিপক্ষের বিরুদ্ধে ঘাম ঝরানো জয় সত্ত্বেও দারুন খুশি এমা। তিনি বলেন, অনেক দিন পর খেলতে নেমে জয় পাওয়াটাই আমার জন্য দারুন। আশা করছি এভাবেই ধাপে ধাপে এগিয়ে যেতে পারবো। ২০২১ সালের কথা।
এমা রাদুকানুর বয়স তখন মাত্র ১৮। এ-লেভেলে পড়াশুনা করছিলেন তিনি। গ্রেট ব্রিটেনের এই তরুণীই সে বছরটা শেষ করেছিলেন পুরো পৃথিবীর মধ্যমণি হয়ে! সেই গল্পটা ঠিক রূপকথার মতোই। বাছাইপর্ব থেকে উঠে এসে ইউএস ওপেন জয়ের নতুন এক ইতিহাস রচিত করেছিলেন এমা রাদুকানু। ইউএস ওপেনের সেই ফাইনালে কানাডার আরেক তরুণী লেইলা ফার্নান্দেজকে ৬-৪ এবং ৬-৩ গেমে হারিয়ে গড়েছিলেন বিস্ময়কর এক কীর্তি। রাদুকানুর উত্থান যে কোনো গল্পকেই হার মানাবে।
সে বছরে উইম্বলডনে খেলার এক মাস আগেও নারীদের সিনিয়র টেনিসে কোনো ম্যাচ খেলেননি তিনি। পড়াশুনা নিয়েই ব্যস্ত ছিলেন। অঙ্ক-অর্থনীতি নিয়ে ভয়ে কাঁটা হয়ে থাকতেন। টেনিস-র্যাকেট হাতে নিলেই ভুলে যেতেন সব। উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠে নজর কেড়েছিলেন। এরপর ইউএস ওপেনেই করলেন বাজিমাত।
সেই কীর্তির পর থেকেই উড়ছিলেন গ্রেট ব্রিটেনের এই তরুণী। তাকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করে গোটা টেনিস দুনিয়া। কেউ কেউ তো ভবিষ্যৎ টেনিসের মহাতারকার ট্যাগ-ই মেখে দিয়েছিলেন রাদুকানুর গায়ে। মোটকথা টেনিস দুনিয়ায় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন গ্রেট ব্রিটেনের এই প্রতিনিধি। কিন্তু হায়! যাকে নিয়ে এত মাতামাতি, সেই রাদুকানুই যেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেন টেনিস থেকে! একের পর এক টুর্নামেন্টে দেখা যায় তার বাজে পারফর্মেন্স। সেই সঙ্গে খারাপ পারফর্মেন্সের পাশাপাশি তার সঙ্গী হয়ে যায় ইনজুরি।
তিন বছর আগে ইউএস ওপেন জেতার পর আর কোনো শিরোপাই জিততে পারেননি তিনি। এই সময়টাতে টেনিস কোর্টে তার সময়টা এতটাই বাজে কাটে যে, বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ নম্বরে ওঠা সেই রাদুকানু ধীরে ধীরে শীর্ষ ৫০ এমনকি একেরও বাইরে ছিটকে যান। অবাক করা ব্যাপার হলো, সেই রাদুকানুই এখন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ২৯৮ নম্বরের খেলোয়াড়! তারপরও হাল ছাড়েননি এমা রাদুকানু। কোর্টে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছেন ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন। দীর্ঘ ৯ মাস কোর্টের বাইরে থাকার পর নতুন বছরেই উদ্যমে শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
কল্পনা টুডু/বি