Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রস্তুতি ছাড়াই টেস্ট খেলবেন সাকিব

অনলাইন ডেস্ক Shakib will play test without preparation

চট্টগ্রামের মাটিতে সদ্য শেষ হয়েছে লাল ও সবুজ দলের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর আগে হয়েছিল দুইদিনের আরেকটি ম্যাচ। প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যোগ দেবেন ঢাকার ক্যাম্পে।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব এখন কানাডাতে। সেখানে ১২ আগস্ট পর্যন্ত তার থাকার ছাড়পত্র রয়েছে। যে কারণে টেস্টের অনুশীলনে থাকতে পারছেন না এই অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে ভুগছেন সাকিব। চোখের সমস্যার জন্য তার হেড পজিশন নিয়েও আছে প্রশ্ন। এর মধ্যে টেস্ট খেলতে নামবেন কোনো প্রস্তুতি ছাড়াই। সব মিলিয়ে টেস্টের জন্য সাকিব কতটা প্রস্তুত সেই প্রশ্নও থেকে যায়!

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের দল ফাইনাল খেললে টাইগারদের সঙ্গে একই বিমানে পাকিস্তান যেতে পারবেন কি না তা নিয়েও থাকছে সংশয়। তবে সাদা বলের ক্রিকেট খেললেও নিজেকে লাল বলের জন্য প্রস্তুত রাখছেন সাকিব। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুকে এমনটি জানিয়েছেন টাইগার অলরাউন্ডার।

লিপু বলেন, 'সাকিব খুব একটা অনুশীলনের সুযোগ পাবে না। সাকিবের সম্মতি আছে টেস্ট ম্যাচে অংশগ্রহণ করার। সে নিজেকে সেভাবেই প্রস্তুত করছে, আমার সাথে যতটুকু কথা হয়েছে। এছাড়া ডিপেন্ড করতেছে তার দল সেমিতে যাবে কিনা। এনওসি ১২ তারিখ অবধি দেওয়া আছে। দুইদিন আগে যখন কথা হলো জানিয়েছে খেলবে। আমি যতটুকু জানি সে আগে ঢাকা আসবে।'

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘সে টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে (সাকিব) পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news