Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ফোনের নেটওয়ার্ক দুর্বল হলেই গুনতে হবে জরিমানা

অনলাইন ডেস্ক: Phone network

শুধু দামই বেড়ে চলেছে। অথচ পরিষেবার কোনো উন্নতি নেই,  ভারতের টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয়। তবে এবার টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে টেলিকম রেগুলেটর অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা বা কল ড্রপ সমস্যার সমাধান না হলে টেলিকম সংস্থাগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহককে।

জানা গেছে, পরিষেবা ক্ষেত্রে কোনো রকম সমস্যা নিয়ে গ্রাহকরা অভিযোগ করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত ও নজরদারি ব্যবস্থা চালু করতে চলেছে ট্রাই। এই বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী অক্টোবর মাস থেকেই চালু হবে এই প্রক্রিয়া। সেক্ষেত্রে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যায় ২৪ ঘণ্টার মধ্যে কোনো সমাধান না হলে টেলিকম সংস্থা বাধ্য থাকবে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে।

বিষয়টি শুধুমাত্র কল ড্রপেই সীমাবদ্ধ থাকবে না। যদি দেখা যায়, কোনো এলাকায় ৫জি পরিষেবা দেওয়ার কথা অথচ গ্রাহক সেই পরিষেবা পাচ্ছেন না, সেক্ষেত্রেও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ট্রাই। এই ধরনের ক্ষেত্রে সংস্থাগুলোকে শাস্তি হিসেবে প্রিপেইড গ্রাহককে দিতে হবে অতিরিক্ত ভ্যালিডিটির সুবিধা। পোস্টপেইড গ্রাহকদের জন্য পোস্টপেইড বিলে বাড়তি ছাড় দিতে বাধ্য থাকবে অভিযুক্ত টেলিকম সংস্থা।

উল্লেখ্য, পাল্লা দিয়ে সব বেসরকারি টেলিকম সংস্থাগুলো তাদের রিচার্জ প্ল্যান ও বিলের দাম বৃদ্ধি করলেও সেই রকম পরিষেবা দিচ্ছে না। কোথাও ৫জি ডাটা সংযোগ দেখালেও সেখানে ভালো নেট স্পিড পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সময় কথা বলতে বলতে কেটে যাচ্ছে কল। এমন হাজার হাজার অভিযোগ থাকা সত্ত্বেও তা নিয়ে এতদিন উদাসীন ছিল টেলিকম সংস্থাগুলো। এই সমস্যার সমাধানেই এবার কড়া পদক্ষেপ নিয়ে মাঠে নামছে ট্রাই।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news