Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আজ দলের সঙ্গে যোগ দিচ্ছেন শরিফুল

অনলাইন ডেস্ক Shariful is joining the team

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ দলের একাংশ পাকিস্তানে রয়েছে। কোচ চান্ডিকা হাথুরুসিংহেসহ দলের কয়েক জন তারকা গত পরশু পৌঁছেছেন সেখানে। এছাড়া 'এ' দলের সফরেও রয়েছেন জাতীয় দলের কয়েক জন তারকা। বাকিদের মধ্যে পেসার শরিফুল ইসলাম আজ বিকাল পৌনে ৪টায় ঢাকা ছাড়ছেন।

বাংলাদেশে না এলেও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানেরও দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি শেষে সাকিব যুক্তরাষ্ট্রে যান পরিবারের কাছে। সেখান থেকে আজ দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে তার।

গতকাল টেস্ট সিরিজ নিয়ে শরিফুল বলেছেন, ‘আমি দেখছি। সবাই অনেক দিন পর লাল বলে অনুশীলন করেছে। আমি একটু দেরিতে করছি, একটু কষ্ট হবে। তবে চেষ্টা করব, অনেক সময় আছে এখনো। যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করতে পারি। ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে কালকে (আজকে) যাচ্ছি।’ তিনি আরো বলেছেন, ‘রাওয়ালপিন্ডিতে আমরা আগে খেলা দেখছি যে, ব্যাটিংবান্ধব উইকেট। আমাদেরও ভালো ব্যাটার আছে, খেলাটা প্রতিযোগিতামূলক হবে। ভালোভাবে লড়াই করার চেষ্টা করব।’

নিজেকে নিয়ে বলেছেন, ‘ফ্রাঞ্চাইজিলিগ নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, সেখানে সব দেশের খেলোয়াড় থাকেন। পরপর দুইটা ফ্রাঞ্চাইজি খেললাম।' দুই ম্যাচের সিরিজ নিয়ে এই পেসার বলেছেন, ‘অবশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে, দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি পাকিস্তানে খেলতে। আমরা চেষ্টা করব যাতে ভালো কিছু করে জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য।’ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তাকে নিয়ে শরিফুল বলেছেন, ‘আসলে সবাই তো চায় ভালো কিছু, আমরাও ভালো কিছু চাইব ইনশাআল্লাহ।’

আগামী ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরে তিন দিনের অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। পরে ১৭ আগস্ট লাহোর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাবে টাইগার বাহিনী। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে ইসলামাবাদেই অবস্থান করবে দল। এর পর ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। পাকিস্তান সফর শেষে বাংলাদেশ দল সফর করবে ভারতে। সেখানে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত হবে সেই ম্যাচগুলো।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news