
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে একটি ভোটকেন্দ্র থেকে এক লাখ টাকাসহ এনামুল হক (৩০) নামের এক যুবক আটক হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। তিনি বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার ফজলুল করিমের ছেলে।
আটক এনামুল হককে তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ বছরের সাজা দেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিন সন্ধ্যায় ফোনালাপে বিজয় বাংলা নিউজ কে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালীর ইউএনও মীকি মারমা।
মহেশখালী থানার উপপরিদর্শক (এস.আই) অপু দে বলেন, বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নগদ টাকা নিয়ে এনামুল হক অবস্থান করছিলেন। এ সময় সন্দেহ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে এক লাখ টাকাসহ তাঁকে আটক করেন। পরে জ্যেষ্ঠ বিচারক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে সাজা দেন। জব্দকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।