Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ আগস্ট ২০২৪ | ০৫:৫৪ পূর্বাহ্ন

শান্তদের নিয়ে যা বললেন পিসিবি প্রধান

অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪

টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যবধান তাও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়, ১০ উইকেটের। নিজেদের মাটিতে এমন হারে মুণ্ডুপাত করা হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের।

দলের এমন বিপর্যয় মানতে পারছেন না দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা। নিজের হতাশা লুকাতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। নিজ দলের এমন ভরাডুবির পরও বাংলাদেশের প্রশংসায় মেতেছেন তিনি।

মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল দারুণ খেলেছে, পুরো ম্যাচেই নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এটি একটি ঐতিহাসিক জয়। তাদের আন্তরিক অভিনন্দন।

নিজ দেশের ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান ক্রিকেট দল যতটা ভালো পারফর্ম করা উচিত ছিল, ততটা করতে পারেনি। ইনশাআল্লাহ সবুজ জার্সিধারীরা (পাকিস্তান দল) সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবে।

এদিকে বাংলাদেশের এ জয়ে পাকিস্তানকে কৃতিত্ব দিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। তাদেরকে মোবারকবাদ। কিন্তু এই জয়ে পাকিস্তানও অনেক অবদান রেখেছে। পাকিস্তানের দল নির্বাচন খারাপ, স্পিনার সংকট, আত্মবিশ্বাসের সংকট, ব্যাটিংও ভালো করেনি, ম্যাচ হাতের মুঠোয় রাখবে ভেবে আগেই ডিক্লেয়ার করে দেওয়া- এসব। টেস্ট ক্রিকেট যেমন হাসায়, তেমন কাঁদায়ও।

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ১১৭ রানের।

দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩০ রান। কোনো উইকেট না হারিয়ে এ লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ফলে নিশ্চিত হয় ১০ উইকেটের জয়।


পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।........ সংগৃহীত ছবি