Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাবুডাইং আলোর পাঠশালায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে In memory of national poet Kazi Nazrul Islam

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চিত্রাংকন, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমেই প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিষয় ছিল ইচ্ছেমত। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনটি ক্যাটাগরি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিকে নিয়ে একটি ক্যাটাগরি ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তাদের পাঠ্যবইয়ে থাকা কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতার। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে বই ও কলম উপহার দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সহকারী শিক্ষক লুইশ মুর্মু, শিরিনা খাতুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ ছিলেন, যার জীবনের মূল সুরই ছিল সাম্য। দরিদ্র শ্রমজীবী মানুষের জীবন পাল্টে দেওয়ার এক গভীর তাগিদ তাঁকে তাড়িয়ে ফিরেছে সারাটা জীবন। যার প্রতিফলন ঘটেছে তাঁর কবিতায় ও জীবনাচরণে। প্রথম জীবনে লেখা সাম্যবাদী কবিতাগ্রন্থের অন্তর্ভুক্ত ‘কুলি মজুর’ কবিতার মাধ্যমে তিনি তা প্রকাশও করেন। তাঁর সাহিত্য ও কর্মজীবনের দিকে তাকালে দেখা যাবে দেশপ্রেম ও সততার। তিনি ছিলেন বিদ্রোহী কবি। গেয়েছেন বিদ্রোহের গান। অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করেছেন ধর্মের নামে ভন্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধেও। তাঁর প্রতিবাদী ভাষা ও বাণী দেখা গেছে নবযুগেও। সম্প্রতি দেশের বিভিন্ন আন্দোলনেও তাঁর লেখা ও বিপ্লবী বাণী শোনা গেছে তরুণদের মুখেও। তাই কাজী নজরুল ইসলামকে জানতে হবে। প্রতিবাদী হতে হবে।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news