Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ অক্টোবর ২০২৪
০৮:৩৩ অপরাহ্ন

ঘূর্ণিঝড় প্রভাবে ভেঙে গেল জেটি

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার The jetty collapsed due to the impact of the cyclone


ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। জেটি ভেঙে যাওয়ায় সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণেও দেখা দিয়েছে আরেক বিপত্তি।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকালে জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
তিনি জানান, কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
প্রাথমিক খবরে স্থানীয়রা জানান, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। গতকাল রাত ২-৩টার সময় ছিল পূর্ণ জোয়ার। এ সময় প্রচণ্ড ঢেউয়ে জেটির সঙ্গে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটি ভেঙে গেছে।
শেখ হাসিনা সরকারের সময় ২০২০ সালে আন্তর্জাতিক নৌমহড়া অনুষ্ঠানের জন্য বাংলাদেশ নৌবাহিনী জেটিটি নির্মাণ করেছিল। এটি দীর্ঘ সৈকত দ্বিখণ্ডিত করে নির্মাণের বিরুদ্ধে পরিবেশবাদীরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল।
এমনকি ২০২২ সালে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার নাগরিক ফোরামের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি করেছিলেন জেটি অপসারণের জন্য।
ফোরাম সভাপতি আ ন ম হেলাল উদ্দিন জানান, আদালতের রুল জারির পরেও জেটি অপসারণ করা হয়নি।
এদিকে গত বছর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক জাহাজ আসা-যাওয়া করছিল উক্ত জেটি দিয়ে। আগামী পহেলা নভেম্বর থেকেও জেটি দিয়ে দ্বীপে যাতায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছিল জাহাজ কম্পানিগুলোর পক্ষ থেকে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news