Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

অন্যরকম সিয়াম

অনলাইন ডেস্ক Siam

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। চরিত্র নিয়ে খেলতে ভালোবাসেন তিনি। ‘পোড়ামন-২’-এর সুজন, ‘দহনে’র তুলা, ‘দামালে’র দুর্জয়, কিংবা ‘শান’ তারই প্রমাণ। আগের চরিত্রগুলোর চেয়ে এবার ভিন্ন একটি চরিত্রে আসছেন এ অভিনেতা। নায়ক থেকে খলনায়ক বেশে দেখা যাবে তাকে। ভিকি জাহিদের ওয়েব সিরিজ ‘লটারি’তে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। কেন এমন চরিত্রে সিয়াম অভিনয় করলেন? তিনি বলেন, ‘চরিত্রটা খুবই মজাদার, ভালো মানুষ না।

প্রথমবার এমনি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবে। চরিত্রে নিজেকে ভাঙার মতো সুযোগ আছে বলেই কাজটা করেছি। আমি চরিত্রটি করতে পারব কি না এমন একটা সংশয় ছিল। তবে আমার পরিচালক সেটা সামলে নিয়েছেন। তার মনে হয়েছে আমি উপযুক্ত। আমার মনে হয়েছে তার যদি আমাকে নিয়ে এই আত্মবিশ্বাস থাকে, তাহলে আমিও চেষ্টা করে দেখি। ওই জায়গা থেকেই চেষ্টা করা। তাছাড়া দর্শকদের বিরক্ত করতে চাই না। সেজন্য নতুন নতুন চরিত্রে কাজ করার চেষ্টা করি।’

গত বছরে সিয়ামের কাজের সংখ্যা কম ছিল। তার নিজের জন্য একটু বিরতি নিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, ‘টানা কাজ করলে একঘেয়েমি চলে আসে। একটা কাজ শেষে আরেকটি কাজে ঢুকে যেতে হয়। আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যায় না। তাই ভাবছিলাম নিজেকে একটু সময় দেই। সামনে যে কাজটি করব, সেটি সময় নিয়ে করতে চাই।’ নিজের ক্যারিয়ার নিয়েও এ অভিনেতা কথা বলেন। তিনি মনে করেন শোবিজ অঙ্গনে কেউ সব সময় সবার প্রিয় থাকে না।

আবার কেউ সারা জীবনের জন্য কারও বন্ধু বা শত্রু থাকবে না। তার ভাষ্য, প্রতিনিয়ত ভাবি, নতুন কোনো কিছু শিখতে বা দিতে পারছি কী না। আমার মনে হয় এই চেষ্টা যেহেতু আছে এবং আগের ভুল ও অপ্রাপ্তি থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা থাকে, সেহেতু নতুন বছর বিষয়গুলো প্রয়োগ করার চেষ্টা থাকবে। তবে সবই ইতিবাচকভাবে দেখি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news