
বড় বড় গাছ দ্বারা আবৃত থাকা নতুন এক শহরের সন্ধান মিলেছে আমাজন রেইনফরেস্টে। যেটি তিন হাজার বছরের পুরনো বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সায়েন্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, রেইনফরেস্টের ইকুয়েডর অংশে বড় বড় গাছ দ্বারা লুকানো এক বিশাল নতুন শহর আবিষ্কৃত হয়েছে। শহরটি আবিষ্কার হয়েছে রিমোট সেন্সিং এবং লেজার স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে। প্রাচীন শহরের বাড়িঘর ও বিল্ডিংগুলো মূলত রাস্তা ও খালের মাধ্যমে সংযুক্ত ছিল।
ন্যাশনাল সেন্টারের তদন্ত পরিচালক এবং গবেষক অধ্যাপক স্টিফেন রোস্টেইন বলেন, আমাজনে আবিষ্কৃত অন্য যেকোন সাইটের তুলনায় এটি বেশ পুরনো। আমাদের সভ্যতার একটি ইউরোকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে এই নতুন আবিষ্কার আমাদের দেখায়, সংস্কৃতি এবং সভ্যতার সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করতে হবে।
গবেষণার সহ-লেখক আন্তোইন ডরিসন বলেন, এই আবিষ্কার আমরা যেভাবে আমাজনীয় সংস্কৃতিকে দেখি তা পরিবর্তন করে। এখানের বেশিরভাগ মানুষ ছোট দলে বিভক্ত থাকে। সম্ভবত নগ্ন এবং কুঁড়েঘরে বসবাস করে এবং জমি চাষ করতো।
এটি অন্তত এক হাজার ৫০০ থেকে তিন হাজার বছরের পুরনো শহর। এছাড়াও এখানে এক হাজার বছর পর্যন্ত মানুষের বসবাস ছিল বলে ধারণা করছেন গবেষকরা।
২০১৫ সালে গবেষণা শুরু করলেও সম্প্রতি এর ফলাফল প্রকাশ করা হয়। শহরটি ৩০০ বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সেখানে অন্তত ৬ হাজার মাটির বাড়িঘর ছিল।