Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ মার্চ ২০২৫
১২:২৫ অপরাহ্ন

সিনেমার নায়িকা এখন সরকারি শীর্ষ কর্মকর্তা

অনলাইন ডেস্ক Actress HS Kirthana

শৈশব থেকেই অভিনয়ের প্রতি ছিল তার তুমুল আগ্রহ। চার বছর বয়স থেকেই অভিনয় শুরু করেন এ অভিনেত্রী। এরপর পর্যায়ক্রমে ৩০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। এগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তিনি হচ্ছেন ভারতে কন্নর চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এইচএস কীর্থনা।

একদিকে শোবিজ দুনিয়ার হাতছানি, একের পর এক সিনেমা। সেই সঙ্গে সাফল্য, পুরস্কারসহ অনেক প্রাপ্তি। আর অন্যদিকে ভারতের সর্বোচ্চ সরকারি প্রশাসনিক পদে যাওয়ার তীব্র বাসনা। বিনোদন অঙ্গনের এমন মানুষ খুব একটা দেখা যায় না।

কীর্থনা তেমনই একজন। বিনোদনের জগৎ যতই সাফল্য এবং জনপ্রিয়তা দিক না কেন, জীবনে সফলতার মানে তার কাছে ছিল কঠিন পরীক্ষায় পাশ করে সরকারি চাকুরীজীবি হওয়া। তাই বাবার ইচ্ছে পূরণ করতে তিনি হয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তা।

২০১৯ সালে আইএস পরীক্ষায় সফল হয়ে সফল কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা হয়েছেন কন্নড় সিনেমার নায়িকা কীর্থনা। সিনেমায় কাজ করার ফাঁকে ফাঁকেও তিনি এর আগে পাঁচবার এ পরীক্ষা দিয়েছিলেন। প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এই ব্যর্থতাই তাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে।

কীর্থনা চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন। জনপ্রিয় টিভি শো ‘কাপুরদা গম্ভে’, ‘গঙ্গা যমুনা’, ‘মদ্দিনা আলিয়া’, ‘উপেন্দ্র’, ‘সার্কেল ইন্সপেক্টর’, ‘লেডি কমিশনার’, ‘হাব্বা’সহ একাধিক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন। তার ঝুলিতে রয়েছে ৩০টির বেশি ব্যবসাসফল সিনেমার নাম, যা তাকে একসময় ব্যাপক পরিচিতি এনে দেয়।

কর্ণাটকের বাসিন্দা অভিনেত্রী কীর্থনা। সেখানকার হোসকারে গ্রামে বড় হয়েছেন। এরপর তিনি ব্যাঙ্গালুরুতে চলে আসেন পড়াশোনার জন্য। স্কুল থেকে পাস করার পর তিনি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এ সময় অভিনয়ও পুরোদমে চালিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। ২০১১ সালে কর্ণাটক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষায় পাশ করেন। তারপরেই তার লক্ষ্য হয়ে যায় সরকারি শীর্ষ কর্মকর্তা হওয়ার।

কীর্থনা সরকারি চাকরিতে যোগদানের পর অভিনয়কে বিদায় জানান। তবে তার এই অসামান্য সাফল্যের গল্প এখন ভক্ত-অনুরাগীদের মুখে মুখে ফিরে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news