
রাজশাহীর হুজরাপুকুর এলাকায় রেললাইন থেকে মোবাশ্বের হোসেন (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে লাশটি পাওয়া যায়।
মোবাশ্বের হোসেন নগরের ঘোড়ামারা বোয়ালিয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবা মোশাররফ হোসেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সৎ ভাই।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান গণমাধ্যমকে জানান, ‘রেললাইনে লাশটি পড়ে ছিল, গলা থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।