Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ এপ্রিল ২০২৫
০৫:৪৬ অপরাহ্ন

রাজশাহীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক Three accused in Mim murder case arrested

রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী। শনিবার (৫ এপ্রিল) র‌্যাব-৫ এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) এবং শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়ায় বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে মিমকে (২৩) ঘটনাস্থলে পথরোধ করে দুর্বৃত্তরা এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে।

পরে সন্ত্রাসীরা মিমকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠসংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর ফলে সে গুরুতর আহত হয়। মিমকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মিম।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর একটি বিশেষ টিম আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেফতার করে। পরবর্তীতে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news