
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ বিষয়ে রবি বলেন, রাজশাহীতে সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় রাজশাহীর গ্রীন সিটি, ক্লীন সিটি, হেলদি সিটি ও শিক্ষানগরীর সুনাম ধরে রাখতে এবং নগরবাসীকে সচেতন করতেই এই ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শেক্রমে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, প্রতিনিয়ত রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে তিনি এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয় হচ্ছে। তিনি বলেন, এটি একদিনের কাজ নয় আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। আয়োজকরা জানান, তারা এ কর্মসূচিকে শহরজুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়।