Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ মে ২০২৫
০৪:৩৯ অপরাহ্ন

চূড়ায় চোখ মিরাজের

অনলাইন ডেস্ক Mehdi Hasan Miraj

কদিন আগেই আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করেছেন টাইগার এই অলরাউন্ডার। সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন। যার ছাপ পড়ে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে। 

টেস্ট সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দুইয়ে আছেন মিরাজ। তার রেটিং পয়েন্ট ৩২৭। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার (৪০০) সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭৩।

তবে মিরাজের চোখ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের চূড়ায়। আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলছিলেন, 'অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। সত্যি কথা বলতে এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। দিন শেষে নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরম্যান্স করতে হবে; তো ওভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোট ভাবে এগোতে চেষ্টা করছি।'

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাট-বলে দারুণ ছন্দে ছিলেন মিরাজ। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মিরাজ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন। দুই ইনিংসেই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news