Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৩ জুন ২০২৫
০১:০৬ অপরাহ্ন

১৫০ উপজেলায় চালু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি

অনলাইন ডেস্ক Feeding program in primary schools

 দেশের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের সামাজিক উদ্যোগ হিসেবে ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত পুষ্টিকর খাবার পাবে, যা বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষায় মনোযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (২২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে জানানো হয়, এই প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। আদেশটি প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়, ফিডিং কর্মসূচির আওতাভুক্ত সব বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে আগামী ৩০ জুনের মধ্যে পাঠাতে হবে। তথ্য পাঠাতে হবে পিডিএফ কপি, সফট কপি (এমএস এক্সেল ফরম্যাটে, নিকোশবেন ফন্টে) এবং হার্ড কপিতে। ই-মেইল করতে হবে: infogpsfp@dpe.gov.bd ঠিকানায়।

তথ্য প্রেরণে কক্সবাজার ও বান্দরবান জেলা ব্যতীত বাকি জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্পটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। দেশের আটটি বিভাগের মোট ৬২টি জেলা এবং ১৫০টি উপজেলা এ প্রকল্পের আওতায় রয়েছে।

এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল তথ্য প্রেরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাঠানোর বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির লক্ষ্য শিশুদের অপুষ্টি থেকে রক্ষা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহী করা। এই কর্মসূচির মাধ্যমে অভিভাবকদের মধ্যেও সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর আগ্রহ বাড়ে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news