Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ

অনলাইন ডেস্ক : RU assistant proctor accused of assaulting teacher

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের সাধারণসভা চলাকালীন এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে একই অনুষদের আরেক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) দুপুরে চারুকলা অনুষদের অধিকর্তার কক্ষে অনুষ্ঠিত ২৯তম সাধারণসভায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বৃহস্পতিবার (৩ জুলাই) উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক হলেন- চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. আবদুস সোবাহান। অভিযুক্ত শিক্ষক মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম।

অভিযোগপত্রে অধ্যাপক সোবাহান উল্লেখ করেন, সভায় সান্ধ্যকালীন কোর্স চালুর প্রস্তাব উপস্থাপন করা হলে তিনি এর বিরোধিতা করে বলেন, “এ ধরনের কোর্স চালু হলে চারুকলা অনুষদের স্বকীয়তা বিনষ্ট হবে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। এটি নিয়মিত শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী এবং একপ্রকার আত্মঘাতী সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, “এ ধরনের কোর্স বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চালু হয়েছিল, যা বর্তমান পরিস্থিতিতে অবাঞ্ছিত।”

এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত অধ্যাপক ড. মোস্তফা শরীফ আনোয়ার তার সঙ্গে উচ্চস্বরে কথা বললে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

অধ্যাপক সোবাহান অভিযোগ করেন, “এই সময় সহকারী প্রক্টর আব্দুস সালাম আমার মতামত প্রত্যাখ্যান করে সভায় বলেন, ‘একে বের করে দেওয়া হোক।’ আমি তাকে জিজ্ঞেস করি, ‘তুমি আমাকে বের করে দিতে বলার কে?’ তখন তিনি উত্তেজিত হয়ে কোমর জাপটে ধরে আমাকে উপরে তুলে জোর করে চেয়ারে বসিয়ে দেন। সকল শিক্ষকের সামনে একজন সহকর্মীর এমন আচরণে আমি হতবাক হয়ে যাই। এটি বিশ্ববিদ্যালয়ের আচরণবিধির চূড়ান্ত লঙ্ঘন।”

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী শিক্ষক বলেন, “সভায় মতামত দিতে গিয়ে দুইজন শিক্ষকের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে সহকারী প্রক্টর ওই শিক্ষককে কোমর ধরে জোর করে চেয়ারে বসিয়ে দেন, যা শিক্ষকের আচরণসিদ্ধ মানদণ্ডে পড়ে না।”

অভিযুক্ত শিক্ষক ও সহকারী প্রক্টর আব্দুস সালাম বলেন, “সভায় তিনি হঠাৎ চিৎকার শুরু করেন, আগেও এমন করেছেন। এটা তার মানসিক সমস্যা। চেয়ার থেকে উঠে গেলে আমি তাকে শান্ত করার জন্য চেয়ারে বসিয়ে দিই।”

এ বিষয়ে চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “এখনো কোনো অভিযোগপত্র হাতে পাইনি। তবে যেহেতু ঘটনা ঘটেছে, আমি খোঁজ নিচ্ছি।”

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news