কক্সবাজারে দেশীয় তৈরি অস্ত্রসহ মোঃ আজিজ উদ্দিন সিকদার (৩২) নামের এক যুবক গ্রেফতার হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া সদর ইউপির নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দেশীয় তৈরি এলজি বাটের অংশ বিশেষসহ (ব্যারেল ব্যতিত) তাকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথদল।
গ্রেপ্তার আজিজ পেকুয়া সদর ইউপির বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।
পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওই সময় আরও একজন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতার ব্যক্তির কাছ থেকে এলজি বাটের অংশ বিশেষ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।