
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন চক দৌলতপুর এলাকার মো. মোরসালিনের স্ত্রী মোছা. মুরশিদা খাতুন (২৯) এবং তাদের ছেলে মো. মুজাহিদ হোসেন (১০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মুরশিদা খাতুন বাড়ির আঙিনায় কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসে তার ছেলে মুজাহিদ, কিন্তু সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।