Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ আগস্ট ২০২৫
০৫:২৩ অপরাহ্ন

আট বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

অনলাইন ডেস্ক : Allegation of killing fish worth Tk. 15 lakh

নাটোরের বড়াইগ্রামে আট বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মাছচাষি মাহাফুজুর রহমান (২৫) বড়াইগ্রাম থানায় একই গ্রামের নুরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

মাহাফুজুর রহমান বলেন, ‘নিশ্চিন্তাপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের আট বিঘা পুকুর ইজারা (লিজ) নিয়ে চার বছর ধরে কার্পজাতীয় মাছ চাষ করছি। মজিবর রহমানের সাথে নুরুল ইসলামের জমিসংক্রান্ত বিরোধ আছে। সেই সূত্রে নুরুল ইসলাম আমার মাছ মেরে ফেলার হুমকি দিত। গত বৃহস্পতিবার ভোররাতে টর্চ লাইটের আলোয় পুকুরপাড় থেকে নুরুল ইসলামকে দ্রুত চলে যেতে দেখতে পাই। পুকুরে বিষ প্রয়োগের কারণে কিছুক্ষণ পরে রুই, কাতল, মৃগেল, সিলভার কার্পসহ আরও কয়েক জাতের মাছ দ্রুত মারা যায়।’

মাছচাষি মাহাফুজুর বলেন, ‘আমি অন্যের জমিতে শ্রমিকের কাজ করে পড়ালেখা চালানোর পাশাপাশি এই পুকুরে মাছ চাষ করেছিলাম। আমার সব শেষ করে দিল। আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নাই। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news