Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ আগস্ট ২০২৫
০৩:৪৮ অপরাহ্ন

পরিকল্পিত নগরী গড়তে নওহাটা পৌরসভার মহাপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: Nowahata Municipality's master plan to build a planned city

অপরিকল্পিত উন্নয়নের ধারা থামিয়ে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার আওতায় আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে যাচ্ছে রাজশাহীর নওহাটা পৌরসভা। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়নসহ নাগরিক জীবনের প্রতিটি খাতকে অন্তর্ভুক্ত করে তৈরি করা হচ্ছে একটি মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান)।

এই মহাপরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়ার আগে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করতে মঙ্গলবার দিনব্যাপী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নওহাটা পৌরসভার (ভারপ্রাপ্ত) প্রশাসক জাহিদ হাসান। তিনি বলেন, “অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা যেকোনো শহর একসময় মানুষের দুর্ভোগ ডেকে আনে। যানজট, জলাবদ্ধতা কিংবা নাগরিক সেবার ঘাটতি—সবই আসে অপরিকল্পিত উন্নয়ন থেকে। নওহাটাকে যেন ভবিষ্যতে এই সমস্যায় পড়তে না হয়, এজন্যই আজকের এই মহাপরিকল্পনার উদ্যোগ। নাগরিকদের প্রতিটি মতামত আমাদের পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী। মহাপরিকল্পনার কাঠামো ও কারিগরি দিক তুলে ধরেন সিনিয়র নগর পরিকল্পনাবিদ মনজুরুল হাসান সাগর ও নগর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়। তারা জানান, আগামী ২০ বছরের উন্নয়নকে সামনে রেখে এই মাস্টার প্ল্যানে শুধু ভৌত অবকাঠামো নয়, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিকগুলোও গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথায় আবাসিক এলাকা, কোথায় শিল্প এলাকা, শিশুদের খেলার মাঠ, পার্ক কিংবা বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট স্থান—সবকিছুর স্পষ্ট রূপরেখা থাকছে এ পরিকল্পনায়।

উন্মুক্ত আলোচনায় পৌরবাসীরা তাদের প্রত্যাশা ও সমস্যা তুলে ধরেন। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন জলাবদ্ধতার সমস্যা সমাধানে উন্নত ড্রেনেজ ব্যবস্থার দাবি জানান। বাজার এলাকার এক ব্যবসায়ী যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ ও পার্কিং সুবিধার প্রস্তাব দেন। আরেকজন নারী প্রতিনিধি শিশুদের জন্য নিরাপদ খেলার মাঠ এবং নারীদের জন্য হাঁটার উন্মুক্ত স্থান তৈরির দাবি জানান। পরিকল্পনাবিদরা নাগরিকদের এসব মতামত গুরুত্বসহকারে নথিভুক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবিএম জহিরুল ইসলাম মাফি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউল ইসলাম খান। তারা নাগরিকদের প্রশ্নের উত্তর দেন এবং আশ্বাস দেন যে মহাপরিকল্পনা প্রণয়নে স্বচ্ছতা ও জনঅংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দিনব্যাপী এই কর্মশালাকে নওহাটা পৌরসভার টেকসই উন্নয়নের পথে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে—তারা তাদের পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে দেখতে কতটা আগ্রহী। নাগরিক মতামতের ভিত্তিতেই তৈরি হবে নওহাটা পৌরসভার আগামী দিনের উন্নয়নের দলিল—এই মহাপরিকল্পনা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news