.jpg)
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে বুধবার প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার ২০২৩ সালে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার হিসেবে গত বছরের শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি করে স্কুল ব্যাগ দেয়া হয়। এছাড়া প্রতিমাসে উপস্থিত শিক্ষার্থীদের মাস অনুযায়ী কলম ও রুল পেন্সিল উপহার দেয়া হয়।
বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, এসএমসি কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডু, সদস্য মাধব কোল সরেন, লগেন সাইচুরি, অভিভাবক ইয়াসমিন বেগম, মোমেনা খাতুন, রোজিনা বেগম, রুপালি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুর্মু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ বিদ্যালয় নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। শতভাগ উপস্থিতির জন্য পুরস্কার দেয়া উদ্যোগটি খুবই ভালো। এতে করে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে। এছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো পাওয়াতে শিক্ষার্থীরা লাভবান হচ্ছে। তাদের মধ্যে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের উদ্দীপনা আরও বাড়বে।
শেষে শতভাগ উপস্থিতির জন্য সাতজন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১৫৬ জন শিক্ষার্থীকে রুল পেন্সিল ও কলম উপহার দেয়া হয়। এতে করে একজন শিক্ষার্থী একটি থেকে ১২ টি পর্যন্ত কলম বা রুল পেন্সিল উপহার পেয়েছে।
শতভাগ উপস্থিতি পুরস্কার পাওয়া সাতজনের মধ্যে তিনজনই ছিল একই পরিবারের। তাঁদের মধ্যে মরিয়ম খাতুন অষ্টম শ্রেণি, সুমাইয়া খাতুন চতুর্থ শ্রেণি ও জান্নাতুন খাতুন দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তিনজনই পুরস্কার হিসেবে ব্যাগ ও কলম পেয়েছে। এসময় তারেদ মা ইয়াসমিন বেগম বলেন, হামারঘে নানা কষ্টেও ছ্যালাপিল্যাকে ইস্কুলে পাঠাতাম। ওরঘে পুরস্কার পাওয়া দেখ্যা হামার মনটা ভইর্যা গেছে। খুব আনন্দ লাগছে।
এসময় তাঁর হাতেও উপহার তুলে দেয়া হয়।