Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ সেপ্টেম্বর ২০২৫
০৫:২৯ অপরাহ্ন

রাজশাহীতে ৯টি মামলার অভিযোগপত্র দাখিল, শেখ হাসিনাসহ আসামি ৫২৯

অনলাইন ডেস্ক Chargesheets filed in 9 cases

রাজশাহীতে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ মোট ৯টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলাগুলো তদন্ত করেছে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এসব মামলায় অভিযুক্ত হয়েছেন মোট ৫২৯ জন।

গেল কয়েকদিনে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক। বুধবার দুপুরে তিনি বলেন, ‘কয়েকদিন ধরেই একটা-দুটো করে মামলার চার্জশিট পাচ্ছি। তবে আজ কোনো চার্জশিট আসেনি। কয়েকদিনে মোট ৯টি মামলার চার্জশিট এসেছে। সংশ্লিষ্ট আদালতে সেগুলো দাখিল করা হয়েছে।’

জুলাই আন্দোলনে রাজশাহীতে দুজন শহীদ হন। এ ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া অন্য সাতটি মামলায় অভিযুক্ত হয়েছেন আরও ২৮৫ জন। সবমিলিয়ে অভিযুক্ত হয়েছেন ৫২৯ জন।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর শহীদ আলী রায়হান হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ১২৭ জন। সবমিলিয়ে দুই হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ২৪৪ জন। অন্য ৭ মামলায় অভিযুক্ত হয়েছেন ২৮৫ জন। তদন্ত শেষে মোট ৯টি মামলায় ৫২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘মামলাগুলো তদন্তে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করেছি। ৯টি মামলার প্রত্যেকটির অভিযোগ খতিয়ে দেখা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’

তিনি জানান, হত্যা ছাড়াও হামলা, ভাঙচুর, বিস্ফোরক ও অস্ত্র আইনে আসামিদের অভিযুক্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে।

সূত্র : উওরভূমি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news