Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তাণ্ডব, ভাংচুর, উত্তেজনা

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর টেকনাফ-রামুর মধ্যকার ফাইনাল ম্যাচ দর্শকদের তাণ্ডবে পণ্ড হয়ে গেছে।

জুমাবার ১২ সেপ্টেম্বর ফাইনাল খেলা শুরু হওয়ার পূর্বে উত্তেজিত দর্শক ইটপাটকেল নিক্ষেপ, আগুন, ভাংচুর করে। এতে ছোটাছুটিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে স্টেডিয়ামের মূল ভবন ও গ্যালারিসহ সব কিছু।

দর্শকদের অভিযোগ, ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করায় এবং বিক্রিত টিকিট হাতে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে বাঁধার মুখে পড়ায় এসব ঘটনা ঘটে। তাছাড়া বিক্রিত টিকিট বাইরে অতিরিক্ত টাকায় হাতবদল (পুনরায়) বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া যায়।

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল ছিল শুক্রবার ১২ সেপ্টেম্বর। খেলা বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আগের দিন থেকে স্টেডিয়ামে গিয়ে টিকিট সংগ্রহ শুরু করেন দর্শকরা। টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারিত থাকলেও দর্শকের উপস্থিত দেখে ক্রমাগত দাম বাড়তে থাকে। 

দর্শকরা জানিয়েছেন, ২০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকায় বিক্রি হয়েছে এক একটি টিকিট। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৫/৬ হাজার হলেও প্রায় ২০ হাজার টিকেট বিক্রি করা হয়। অতিরিক্ত দর্শকরা গ্যালারিতে বসার স্থান না পেয়ে গেট ভেঙে আড়াইটার দিকে পুরো মাঠ দখল করে নেন। এ কারণে মাঠে খেলা পরিচালনার সুযোগ না হওয়ায় আয়োজকসহ পুলিশ, র‌্যাব ও সেনা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু দফায় দফায় চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

এর মধ্যে স্টেডিয়ামে প্রবেশে ব্যর্থ দর্শকরা স্টেডিয়ামের বাইরে থেকে ভবনে ভাঙচুর শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিকেল ৫টা ১৫ মিনিটের দিতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে দর্শকদের বের করে দিতে সক্ষম হয়। এরপর মাঠে খেলা পরিচালনার প্রস্তুতি নিলেও গ্যালারির দর্শক ও বাইরের দর্শকরা একযোগে হামলা করে ফলে খেলা আর মাঠে গড়ানো সম্ভব হয়নি।

জেলা সদর হাসপাতালে ১৫ জনকে চিকিৎসার তথ্য নিশ্চিত করেছেন জরুরি বিভাগে দায়িত্বশীল চিকিৎসক।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news