Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ অক্টোবর ২০২৫
০৫:৫৪ অপরাহ্ন

'মাদকে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিক্ষার্থী ও তরুণ সমাজ'

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 'Students and young people are most at risk from drugs'

কক্সবাজারে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫।

সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান মাদকের করালগ্রাস থেকে সমাজ ও দেশকে রক্ষা এবং দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে মহাপরিচালক র‌্যাব ফোর্সেসের দিক নির্দেশনায় ও অধিনায়ক র‌্যাব-১৫ এর সার্বিক তত্ত্বাবধানে র‌্যাব-১৫ চকরিয়ার কাকারা কালী মন্দির মাঠে এই সভা ও ক্যাম্পের আয়োজন করে।

গতকাল ৮ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান। 


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে নিজের মানসিক, শারীরিক ও সামাজিক শক্তি হারায়। সে হারায় নিজের ভবিষ্যৎ, আর তার পরিবার হারায় হাসি-খুশি জীবন। আমরা জানি, মাদক শুধু শহরে নয়, গ্রামেও ছড়িয়ে পড়ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। কারণ, কৌতূহল থেকেই অনেক তরুণ প্রথমবার মাদকের সংস্পর্শে আসে। এরপর সেই কৌতূহলই পরিণত হয় এক ভয়ংকর আসক্তিতে। আমরা চাই, প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। তরুণ প্রজন্মকে এই ভয়াল ছোবল থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

মাদক সেবনের পথ থেকে ফিরে আসা একজন বক্তা জানান, নয় বছর আগে তিনি মাদকাসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। বর্তমানে তিনি সুখে-শান্তিতে আছেন। আর এ পথে যেন কেউ না আসে, এমন আহ্বান জানান তিনি।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথসহ শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্থানীয়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য যে, র‌্যাব-১৫ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যেখানে এলাকার স্বল্পআয়ের লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয় এবং তারা র‌্যাবের এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news