Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৩ অক্টোবর ২০২৫ | ০৫:৫০ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে জনগণ নির্বাচন মানবে না

অনলাইন ডেস্ক : ১৩ অক্টোবর ২০২৫

জুলাই সনদে জুলাইযোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন না থাকলে জনগণ কোনো নির্বাচন গ্রহণ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা নির্মূল এবং শেখ হাসিনার বিচার কার্যকর না হওয়া পর্যন্ত জনগণ কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেবে না।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত গণশক্তি সভার সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, ‘জুলাই সনদে যারা জীবন, রক্ত, হাত-পা ও চোখ হারিয়েছে তাদের স্বার্থ রক্ষা করতে হবে। লুটেরা ও দখলদারদের নিয়ে গঠিত কমিশন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার জনগণের অভিপ্রায় প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। ফ্যাসিস্ট হাসিনার বিচার জনগণ দেখতে চায়। বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা গণহত্যার বিচার কার্যকর না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেন। এসময় তিনি বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্যকর করার মাধ্যমে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার কবর রচনা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন করে আমরা মাফিয়া, লুটেরা, চাঁদাবাজদের প্রভাব থেকে দেশকে মুক্ত করতে পারব। সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেকোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।’

শামীম হাসনাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ, ড. হুমায়ুন কবির, ড. এ আর খান, লেখক গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক ও গবেষক আলাউদ্দিন কামরুল, লেখক ও গবেষক আয়েশা সিদ্দিকা এবং জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার প্রমুখ।


সংগৃহীত ছবি