Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ নভেম্বর ২০২৫
০৪:২৫ অপরাহ্ন

বিচারকের স্ত্রীর সঙ্গে অর্থনৈতিক বিরোধে ছেলেকে হত্যা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: Judge's son killed over financial dispute with wife

রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার লুসীর (৪৪) কাছ থেকে টাকা নিতেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য লিমন মিয়া (৩৫)। টাকা দেওয়া বন্ধ করার কারণেই বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) খুন ও স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার লিমন মিয়ার (৩৫) সঙ্গে জজের স্ত্রীর পূর্ব পরিচয় ছিল। এর সূত্র ধরে বিভিন্ন সময় লিমন আর্থিক সহায়তা নিতেন। একপর্যায়ে টাকা দেওয়া বন্ধ করলে বিভিন্নভাবে ব্ল্যাক মেইল করা শুরু করেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লিমন রাজশাহী নগরের ডাবতলা এলাকায় জজের ভাড়া বাসায় যান।

পুলিশ জানায়, লিমন তাসমিন নাহারের ছোট ভাই পরিচয় দিয়ে বাসায় ঢুকে কথা কাটাকাটির এক পর্যায়ে চাকু বের করেন। তখন জজের স্ত্রী প্রাণভয়ে দৌড়ে রুমের ভিতর ঢুকে দরজা আটকে দেন। এ সময় লিমন দরজায় লাথি দিয়ে ভেঙে ভেতরে ঢুকলে জজের ছেলে তাওসিফও তার মাকে রক্ষা করার জন্য ঘরে ঢোকে। একপর্যায়ে লিমন জজের স্ত্রী এবং ছেলেকে ছুরিকাঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে লিমনও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তিকে পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিচারকের স্ত্রীর সঙ্গে হামলাকারীর অর্থনৈতিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news