Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ নভেম্বর ২০২৫
০৬:১৬ অপরাহ্ন

যশোরে বোমা বিস্ফোরণে যুবক আহত

অনলাইন ডেস্ক Youth injured in bomb blast

যশোরের শার্শা উপজেলায় বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত বিপ্লব হোসেন ওই গ্রামের মহাসিনের ছেলে।

স্থানীয় একটি সূত্র ও পুলিশ জানায়, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

বিপ্লবের মা পারুল বেগম জানান, ওইরাতে বিপ্লব বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ করে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাত কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। এ সময় বাড়ির দরজা খুলে বাইরে আসতেই বিপ্লব বিস্ফোরণে গুরুতর জখম হন। এ সময় হঠাৎ শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে।

তিনি আরও জানান, বিপ্লব মাঠে কাজ করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news