Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক An appeal not to be confused by anyone's statements

সিসিইউতে পূর্বের মতোই খালেদা জিয়ার চিকিৎসা চলছে—কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি শুধু বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রীও নন। আজ সারা বাংলাদেশের সব মানুষ—পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক— সবাই তার জন্য দোয়া করছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে গোটা জাতি আজ এক বেদনাবিধুর অবস্থার মধ্যে রয়েছে।

তিনি বলেন, বন্দি থাকা অবস্থায় নিজের সন্তান হারিয়েছেন। তিনি অনেক নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছেন, তবুও তাকে নিজের দেশ থেকে সরাতে পারেনি। তার বিরুদ্ধে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। একটি ভগ্নস্তূপের মতো জেলখানায় তাকে বছরের পর বছর রাখা হয়েছে। তারপরও তাকে এই দেশ ও মাটি থেকে সরানো সম্ভব হয়নি। আজ সারা জাতি তার জন্য দোয়া করছেন।

বিএনপি'র এই নেতা বলেন,তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ তাকে খুব দ্রুত আরোগ্য দান করুন, সুস্থ করে তুলুন এবং আবারও এ দেশের মানুষের কাছে, জনগণের কাছে তাকে ফিরিয়ে দিন। 

ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে রিজভী বলেন,তিনি বর্তমানে সিসিইউতে আছেন। পূর্বে যে চিকিৎসা দেওয়া হচ্ছিল, গতকাল ও গত পরশু যেমন ছিল, আজও তেমনভাবেই সেই চিকিৎসা চলছে। এর বাইরে আর কোনো নতুন আপডেট নেই। অন্য যে যা-ই বলুক, এতে কেউ যেন বিভ্রান্ত না হয়।

তিনি বলেন,বেগম জিয়া এখনও খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গতকাল বা গত পরশু যে অবস্থায় ছিলেন, আজও তিনি সেই একই অবস্থায় আছেন। নানা ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে—এতে কেউ যেন কান না দেয়।

এসময় বি এন পির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম এর তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাদকায়ে জারিয়া হিসেবে দুটি ছাগল জবাই করে গরীব দুস্থদের মাঝ দান করেন। 

 এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news