
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্তি বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে খেলোয়াড় ও কোচ চেয়েছিল সৌদি আরব। তবে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ক্রীড়া জগতে ব্যাপক বিনিয়োগ করছে সৌদি আরব। ফুটবল (২০৩৪ বিশ্বকাপ), ফর্মুলা ওয়ান এবং গলফ কোর্সের পর এবার ক্রিকেটেও বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় তারা।
সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় ও কোচ নিয়ে এসে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিজেদের জাতীয় দল গঠন করতে চাইছে দেশটি।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, প্রায় দুই মাস আগে সৌদি আরব থেকে এই প্রস্তাব এসেছিল। তিনি বলেন, ‘তারা আমাদের কাছে পুরুষ ও নারী ক্রিকেটার এবং কোচ চেয়েছিল। কিন্তু নিজের দেশের স্বার্থ বিকিয়ে আমি কীভাবে তাদের এই সহযোগিতা করি? তাই আমি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি।
বিসিবি সভাপতির এই মন্তব্যে স্পষ্ট যে, ঘরোয়া ক্রিকেটের কাঠামো এবং জাতীয় দলের পাইপলাইন ঠিক রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আইসিসি ও এসিসির কৌশলগত সমর্থনে সৌদি আরব এখন ক্রিকেটের পরবর্তী বড় ক্ষেত্র হয়ে উঠতে চাইছে। বড় অঙ্কের আর্থিক বিনিয়োগের মাধ্যমে তারা ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত উন্নতি করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে খেলোয়াড় বা কোচ পাঠিয়ে তাদের এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনা আপাতত নেই।