সকাল থেকে বিকেল গড়ালেও কুয়াশায় আছন্ন রাজশাহীর আকাশে সূর্যের দেখা মেলেনি। চারপাশ কুয়াশার চাদরে মোড়া, যেন এখন দিন নয়, নেমে এসেছে এক ঝাপসা আলোর ভোর। ঠান্ডা বাতাসের কারণে শহরের ব্যস্ততা অনেকটাই ধীরগতি, রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম। খুব প্রয়োজন আর জীবিকার তাগিদেই কেবল মানুষ বাইরে বেরিয়েছেন গরম কাপড় জড়িয়ে। কুয়াশার সঙ্গে বাতাস মিলিয়ে এমন শীতের দুর্ভোগে অনেকদিন পড়েননি রাজশাহী বাসী।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শহরের চিত্র এমনটাই দেখা গেছে।
যারা জীবিকার তাগিদে বের হতে বাধ্য হয়েছেন, তাদের প্রতিটি পদক্ষেপেই ধরা পড়ছে কষ্টের ছাপ। রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষদের জন্য এই শীত যেন আরও নির্মম। কনকনে বাতাস আর ঘন কুয়াশার ভেতর দিয়ে চলাচল করতে গিয়ে ঠান্ডায় কাঁপছে মানুষ, কুয়াশার কারণে ঝাপসা হয়ে আসছে দৃষ্টিসীমা। সূর্যের উষ্ণতা না পেয়ে কুয়াশায় অন্ধকার হয়ে আছে চারদিক—শীতের এই তীব্রতায় নীরবে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছে, সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
নগরীর সাহেববাজারে কথা হয় রিকশাচালক আব্দুল্লার সঙ্গে। হঠাৎ এমন তীব্র শীত নিয়ে তিনি বলেন, ভাই, এই ঠান্ডায় রিকশা চালানো খুব কষ্টের। মনে হচ্ছে শরীর জমে যাচ্ছে। বাইরে মানুষ কম থাকায় ভাড়াও কমে গেছে। অনেক বছর রিকশা চালাই, কিন্তু এত শীত অনেকদিন দেখিনি।
শিরোইল বাসটার্মীনাল এলাকার ফুটপাতের দোকানদার মাসুদ রানা বলেন, শীতের কারণে কাস্টমার কমে গেছে। মানুষ বাইরে নেই। শীতের সঙ্গে তীব্র বাতাস, এর মধ্যে দোকান খুলে বসে আছি, বিক্রি নেই। অতিরিক্ত শীতের কারণে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না।
সান ফার্মার মেডিকে রিপ্রেজেনটিভ আব্দুল মান্নান বলেন, এত শীত অনেক বছর ধরে রাজশাহীতে অনুভূত হয়নি। এত বাতাস বইছে, মনে হচ্ছে বাইরে টিকে থাকাই কঠিন। তবুও ফিল্ডে ঘুরতে হচ্ছে, যা খুবই অসহনীয় মনে হচ্ছে। আরও বেশি কষ্ট হচ্ছে খেটা খাওয়া, ভাসমান মানুষের কথা ভেবে। তারাই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই তীব্র শীতে।