Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস : ৩ দোকান ও অটোরিকশা চূর্ণবিচূর্ণ

অনলাইন ডেস্ক 3 shops and autorickshaws destroyed

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ার ঘটনায় ঘটনা ঘটেছে। এতে একটি ফলের দোকান সম্পূর্ণ ধ্বংস ও একটি চায়ের দোকান ও একটি মাংসের দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং একটি সিএনজিচালিত অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলের দিকে আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়। এতে দোকানটি দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে। বাসের ভারে অটোরিকশাটি সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন, ফলের দোকানদার মো. কাউসার, মাংসের দোকানদার নুরুল আজিম, চায়ের দোকানদার তৌহিদুল ইসলাম এবং অটোরিকশা চালক মফিজ। ঘটনাক্রমে দোকানদাররা বাইরে থাকায় তাঁরা বেচে যান।

অটোরিকশা চালক মফিজ বলেন, বেপরোয়া গতির বাসটি আসতে দেখে আমি রিকশা রাস্তার একপাশে রেখে লাফ দিয়ে প্রাণে রক্ষা পাই। বাসটি সজোরে ধাক্কা দিলে আমার রিকশা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

 স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার কাজে অংশ নেয়। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে থাকা আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল আহমেদ বলেন, চট্টগ্রাম শহরমুখী বাঁশখালী সুপার সার্ভিস নামের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে পড়ে। এতে একটা অটো রিকশা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন বাসযাত্রী কিছুটা আহত হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news